: নিরাপদ, দক্ষ এবং আধুনিক রেল পরিষেবা গড়ে তুলতে মালদহ ডিভিশনে বিশেষ উদ্যোগ। রেল কর্মীদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত আবাসন, ডিজিটাল শিক্ষা এবং কর্মী কল্যাণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আধুনিক ও উন্নত করা হল মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এদিন এই ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কারকৃত ‘বিক্রমশীলা’ অ্যাকাডেমিক ব্লক, ‘মহানন্দা’ হস্টেল এবং নব প্রতিষ্ঠিত আই-গট-কাম-কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি রেল কর্মীদের উন্নত আবাসনের জন্য নির্মিত নতুন ট্রানজিট অ্যাকোমোডেশন বিল্ডিংয়ের সূচনা করা হয়। ট্রেনিং ইনস্টিটিউটের এই প্রকল্পগুলো উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর।
উদ্বোধনের পর জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর বলেন, “মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এখানে রেলের বিভিন্ন বিভাগের কর্মীদের আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা বিধি, কারিগরি দক্ষতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে রেল কর্মীরা নতুন প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন এবং যাত্রী পরিষেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
তিনি আরও জানান, “এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, সিগন্যাল, টেলিকম, ইঞ্জিনিয়ারিং, অপারেশন-সহ বিভিন্ন প্রযুক্তিগত বিভাগের কর্মীদের নিয়মিত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল লার্নিং ব্যবস্থার সংযোজনের ফলে প্রশিক্ষণ আরও আধুনিক, কার্যকর এবং সময়োপযোগী হবে।”
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল রেল কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ট্রেন চলাচলের নিরাপত্তা আরও জোরদার করা, কর্মীদের জন্য উন্নত আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলা। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই পরিকাঠামো গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ব রেলের এই উদ্যোগ মালদহ ডিভিশনের প্রশিক্ষণ ব্যবস্থা, কর্মী কল্যাণ এবং নিরাপদ রেল পরিচালনার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।