• ১০ মিনিটে বাড়ি বসে নিজেই করুন জনগণনা, কোথায়-কী ভাবে? রইল সম্পূর্ণ গাইডলাইন
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। জানা গিয়েছে, আদমসুমারি বা সেনসাস এ বার দুটো ফেজ়ে হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, প্রথম ফেজ়ের কাজ শুরু হচ্ছে ১৬ অগস্ট থেকে। তখন থেকে এনিউমারেটর বা গণনাকারী বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। তাঁরা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটিতে নাম্বারিং করবেন। তার পরে সেই নাম্বারিং ধরে সব তথ্য জোগাড় করবেন এবং অ্যাপে তুলবেন। এই কাজ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে সরকার চাইছে সেলফ এনিউমারেশন করে নিক নাগরিকেরা। সেক্ষেত্রে গণনাকারীদের উপর চাপ কমবে এবং সময়ও অনেকটা বাঁচবে।

    ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে। বাড়ি বসে এই কাজ করা সম্ভব।

    কী ভাবে সেলফ এনিউমারেশন করবেন?

    ১. পোর্টালে ঢুকে লগ ইন:

    প্রথমে যেতে হবে এই পোর্টালে: https://se.census.gov.in

    এ বার আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) বেছে নিতে হবে।

    এরপরে ক্যাপচা (Captcha) কোড ঠিকমতো পূরণ করতে হবে

    ২. পরিবারের রেজিস্ট্রেশন:

    পরিবার পিছু যে কোনও একজন ব্যক্তি স্ব-গণনার (Self Enumeration) কাজ করবেন।

    পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর দিন। ইচ্ছে হলে ইমেল আইডি দিতে পারেন।

    এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পরিবারের প্রধানের নাম পরে আর বদল করা যাবে না। প্রতিটি পরিবারের জন্য কেবল একটিই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। একবার একটি মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে গেলে, তা অন্য কোনও পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।

    ৩. ভাষা নির্বাচন এবং ওটিপি যাচাই:

    আপনার পছন্দের ভাষা নির্বাচন করবেন (এটা একবারই করা যাবে)

    এ বার নথিভুক্ত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে

    ৪. অবস্থানের তথ্য দিতে হবে:

    যিনি Self Enumeration করছেন, তাঁকে তাঁর জেলা নির্বাচন করতে হবে, পিন কোড লিখতে হবে এবং এলাকা বা অঞ্চলের নাম ঠিকমতো উল্লেখ করতে হবে।

    ৫. মানচিত্রে বাসস্থান নির্দিষ্ট করতে হবে:

    ডিজিটাল মানচিত্রে থাকা লাল মার্কার ড্র্যাগ করে (টেনে এনে) বা সরাসরি ক্লিক করে নিজের বাড়ির ওপর রেখে ঠিকানা ও অবস্থান নিশ্চিত করতে হবে।

    ৬. প্রশ্নের উত্তর দিতে হবে:

    স্ক্রিনে টুলটিপ (Tooltips), FAQ এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া থাকবে। সেগুলি দেখে সব প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে হবে।

    ৭. প্রিভিউ ও রিভিউয়ের কাজ:

    প্রিভিউ স্ক্রিন আসবে, সেখানে যা যা তথ্য এখনও পর্যন্ত দিয়েছেন, সে গুলি ভালো করে যাচাই করে নিতে হবে।

    প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে পারবেন। ড্রাফ্ট হিসেবেও রাখতে পারবেন।

    ৮. ফাইনাল সাবমিশন:

    তথ্য ঠিক থাকলে ফাইনাল সাবমিশন করতে পারেন। Confirm and Submit অপশন ক্লিক করলে তথ্য জমা হয়ে যাবে। একবার ফাইনাল সাবমিশন করে দিলে আর কোনও তথ্য সংশোধন করা যাবে না।

    তথ্য জমা দেওয়ার পরে একটি ইউনিক (Unique) ১১-সংখ্যার SE ID তৈরি হবে।

    এই আইডি-র শুরুতে H থাকবে

    ID-টি SMS-এর মাধ্যমে আসবে। যদি ইমেল আইডি দিয়ে থাকেন, সেখানেও আসবে।

    ফিল্ড স্তরে যাচাই:

    বাড়িতে গণনাকারী (Enumerator) আসবেন। তিনি তথ্য যাচাইয়ের জন্য আসবেন, তখন তাঁকে SE ID দিতে হবে। যদি সেই আইডি সরকারের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তবে গণনাকারী আপনার তথ্যগুলো গ্রহণ করে নেবেন। কোনও কারণে ID না মিললে, গণনাকারী নতুন করে আপনার থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপে তুলবেন।

    মনে রাখতে হবে:

    প্রশাসন সূত্রের খবর, যাঁরা সেলফ এনিউমারেশন করবেন, তাঁদেরকে নিজেদের বাড়ি বসে করতে হবে। উদাহরণ স্বরূপ, কারও আসল বাড়ি হাওড়া। তিনি যদি কর্মসূত্রে মেদিনীপুর থাকেন। তাহলে তাঁকে নিজের হাওড়ার বাড়িতে বসে করতে হবে। কারণ এক্ষেত্রে জিপিএস ট্যাগ কার্যকর হবে। যদি তিনি মেদিনীপুর থেকে করেন, তাহলে সেখানে যে বাড়িতে তিনি কর্মসূত্রে থাকেন সেখান থেকে কাউন্টেড হয়ে যাবেন।

    সেলফ এনিউমারেশন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে?

    ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত বাড়ি বসে সেলফ এনিউমারেশন করা যাবে।

    গণনাকারীরা বাড়ি বাড়ি কবে থেকে যাওয়া শুরু করবেন?

    ১৬ অগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন, যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

    সেলফ এনিউমারেশন করতে কোন পোর্টালে যেতে হবে?

    https://se.census.gov.in পোর্টালে গিয়ে সেলফ এনিউমারেশন করতে হবে।

    একটি মোবাইল নম্বর কি একাধিক পরিবারের জন্য ব্যবহার করা যাবে?

    না, প্রতিটি পরিবারের জন্য একটিই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে এবং একবার নথিভুক্ত হয়ে গেলে তা অন্য পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।

    SE ID কী এবং তা কোথায় ব্যবহার হবে?

    সাবমিশনের পরে তৈরি হওয়া ১১-সংখ্যার SE ID (H দিয়ে শুরু) বাড়িতে আসা গণনাকারীকে দিতে হবে, যা সরকারি রেকর্ডের সঙ্গে যাচাই করা হবে।

    সেলফ এনিউমারেশন কি যে কোনও জায়গা থেকে করা যাবে?

    না, নিজের আসল বাড়িতে বসেই এটি করতে হবে, কারণ জিপিএস ট্যাগের মাধ্যমে অবস্থান নথিভুক্ত হয় এবং অন্য কোনও স্থান থেকে করলে সেই স্থান থেকেই গণনা হয়ে যাবে।

  • Link to this news (এই সময়)