• বাঁকুড়ার গর্ব সোমা চৌনীর হাত ধরে 'সাই-কথা', সহজ-সরল ভাষায় দেবে আধ্যাত্মিকতার পাঠ
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • গুরু পূর্ণিমায় বাঁকুড়া শহরে প্রকাশিত হল কলেজ শিক্ষিকা সোমা চৌনীর লেখা ‘শ্রীসাইনাথ লীলামৃত’ বই। এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। কলকাতার একটি নামী প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে। শিরডির সাইবাবার জীবন, অলৌকিক লীলা, অজানা ঘটনা এবং তাঁর অমৃত বাণী সহজ-সরল ভাষায় তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। গুরু পূর্ণিমার দিন বই প্রকাশ হওয়ায় অনুষ্ঠানটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

    বই প্রকাশের পর আবেগঘন কণ্ঠে সোমা চৌনী বলেন, “এটা আমার সাধনা নয়, বাবার কৃপা।” তাঁর কথায়, নতুন প্রজন্মের কাছে সাইবাবার আদর্শ ও মানবিকতার শিক্ষা পৌঁছে দেওয়াই এই বই লেখার মূল উদ্দেশ্য। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, সংসারধর্ম পালন করেও ঈশ্বরচিন্তা ও আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব। সেই ভাবনাকেই সাধারণ পাঠকের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

    সোমা চৌনী এর আগেও আধ্যাত্মিক সাহিত্য রচনায় বিশেষ সাফল্য অর্জন করেছেন। অল্প বয়সেই তিনি ভগবদ্গীতার বাংলা অনুবাদ করে কনিষ্ঠতম বাঙালি মহিলা অনুবাদক হিসেবে পরিচিতি পান। সেই কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি লাভ করেন। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হল জটিল আধ্যাত্মিক বিষয়কে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় পাঠকের সামনে তুলে ধরা, যাতে সব বয়সের মানুষ সহজেই তা উপলব্ধি করতে পারেন।

    গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে ‘শ্রীসাইনাথ লীলামৃত’-এর প্রকাশ শুধু একটি বই প্রকাশের অনুষ্ঠান নয়, বরং ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন উপস্থিত ভক্ত ও পাঠকরা। বাঁকুড়ার এই শিক্ষিকার নতুন সৃষ্টি ইতিমধ্যেই সাইবাবার ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। লেখিকার আশা, এই বই মানুষের জীবনে ইতিবাচক ভাবনা, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা আরও গভীর করে তুলবে।
  • Link to this news (News18 বাংলা)