• রেল ওভারব্রিজ তৈরির ভাবনায় ত্রুটি, নাকি যান নিয়ন্ত্রণ ব্যবস্থায় গলদ
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: শহরের যানজট কমানোর ভাবনায় তৈরি বর্ধমান রোডের রেল ওভারব্রিজ এখন শিলিগুড়ির যানজটের কারণ হয়ে উঠেছে। মাত্র দু'দিন হলো বর্ধমান রোডের রেল ওভারব্রিজ তৈরি হয়েছে। অথচ দু'দিনের মধ্যে যানজটের জেরে নাকাল শহরের বাসিন্দারা। রেল ওভারব্রিজ তৈরির ভাবনায় ত্রুটি, না কি যান নিয়ন্ত্রণ ব্যবস্থায় গলদ, তার হিসাব করতেই গলদঘর্ম অবস্থা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক) কাজি শামসুদ্দিন আহমেদ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাঁরা।

    প্রাথমিক ভাবে যে সমস্ত ত্রুটি ধরা পড়েছে তার মধ্যে অন্যতম, ওভারব্রিজের ডেক প্রস্থে বেশ ছোট। দ্বিতীয়ত, যানজটের মূল কারণ বর্ধমান রোড থেকে হিলকার্ট রোডের দিকে আসা যানবাহন। ওভারব্রিজ থেকে হিলকার্ট রোডের দিকে নামলেই গান্ধী চক। সেখান থেকে হিলকার্ট রোড হয়ে যানবাহন শিলিগুড়ি জংশনের দিকে চলে গেলে কোনও সমস্যা নেই। কিন্তু বেশির ভাগ যানবাহন ওভারব্রিজ থেকে নেমে ডানদিকে হিলকার্ট রোড হয়ে মূল শহরে ঢুকতে চাইছে। সেখানে আবার সিগনাল পয়েন্ট, গাড়ি দাঁড়ানোর জায়গাও বেশি নেই। ফলে শিলিগুড়ি জংশনের দিকে যে সমস্ত গাড়ি যাওয়ার কথা, সেগুলিও ওভারব্রিজের মুখে আটকে পড়ছে।

    ডিসিপি (ট্র্যাফিক) বলেন, 'নতুন কিছু চালু হলে ধাতস্থ হতে সময় লাগে। এ ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে বলে মনে হচ্ছে। তবে এর মধ্যে দিয়েই বেশ কিছু বিষয় বোঝা গিয়েছে।' পুলিশ আধিকারিকেরা এ দিন ঘটনাস্থল পরিদর্শন করে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। ওভারব্রিজের দু'দিক থেকেই একসঙ্গে প্রচুর যানবাহন উঠে পড়ছে। স্টেশন ফিডার রোড থেকে যে সমস্ত যানবাহনের ভেনাস মোড় হয়ে যাতায়াত করার কথা, সেগুলিও জলপাই মোড় হয়ে বর্ধমান রোড ওভারব্রিজের দিকে চলে আসছে।

    আবার ফুলবাড়ি-এনজেপি, তিনবাত্তি, মেডিক্যাল কলেজ- নৌকাঘাট হয়েও বহু যানবাহন ভেনাস মোড় এড়িয়ে একসঙ্গে এসে পৌঁছচ্ছে বর্ধমান রোডের ওভারব্রিজে। এই সমস্ত যানবাহন যখন এয়ারভিউ মোড়ে গিয়ে পৌঁছচ্ছে তখনই সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র উৎসাহের বসে যানবাহন নিয়ে কিংবা হেঁটে অনেকে ওভারব্রিজে উঠে পড়ছেন বলে অভিযোগ। তার জেরেও ওভারব্রিজে যানবাহন গতি হারাচ্ছে বলে অভিযোগ। সমস্যা নিরসনে আপাতত গান্ধী চকে সিগন্যালিং ব্যবস্থা পরিবর্তন করার কথা ভাবছে পুলিশ।

    ডিসিপি বলেন, 'দিনের কোন সময়ে গান্ধী চকের সামনে যানজট হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ যানবাহনের ভিড় দিন, বার, সময় দেখে বাড়ে এবং কমে। এ ছাড়াও ভবিষ্যতে স্থায়ী অথবা অস্থায়ীভাবে ওভারব্রিজকে একমুখীও করা হতে পারে। তবে সবটাই এখন আলোচনার স্তরে রয়েছে।'

    নিত্যযাত্রীরা অনেকে মনে করছেন, চালু হওয়ার পরে এয়ারভিউ মোড় এবং ঝংকার মোড়, দু'দিক থেকেই গাড়ি উঠছে ওভারব্রিজে। এটি তৈরির সময়ে বর্ধমান রোডে দু'দিকে দু'টি সার্ভিস রোড ছিল। যানজট নিয়ন্ত্রণে ওই দুটি সার্ভিস রোডও ব্যবহার করা যেতে পারে। নিত্যযাত্রীদের এই পরামর্শও খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)