মেঘালয় বেড়াতে গিয়ে রাস্তার পাশে রান্না করছেন পর্যটকরা। ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে আবর্জনা। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপরেও। এই সমস্যা বন্ধ করতে পর্যটকদের রাস্তার পাশে রান্না করা বন্ধ করার দাবি জানিয়েছে মেঘালয় গ্রামীণ পর্যটন ফোরাম। পর্যটকদের রাস্তার পাশে রান্না করা নিষিদ্ধ করার জন্য কড়া পদক্ষেপ করার জন্য সেই রাজ্যের সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছে মেঘালয় রুরাল ট্যুরিজ়িম ফোরাম।
কেন এই দাবি?
দিনে দিনে পর্যটক সংখ্যা বাড়ছে মেঘালয়ে। সেই পর্যটকদের অনেকেই রাস্তার পাশে রান্না করা করছেন।মেঘালয় রুরাল ট্যুরিজ়িম ফোরাম এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, রাস্তার পাশে বা মনোরম প্রাকৃতিক পরিবেশে রান্না করার সময় পর্যটকরা প্রায়শই খাবারের অবশিষ্টাংশ, প্লাস্টিকের মোড়ক ও অন্যান্য বর্জ্য ফেলে যান। ওই সংগঠনের নেতাদের মতে,এর ফলে রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে আবর্জনা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই কারণেই মেঘালয় রাজ্য সরকারের কাছে পর্যটকদের রাস্তার পাশে রান্না করা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
কী দাবি করা হয়েছে?
ওই ফোরামের মতে, রাস্তার পাশে নির্বিচারে রান্না করা বন্ধ করতে এবং পর্যটকরা যাতে দায়িত্বশীল পর্যটন আচরণ মেনে চলেন তা নিশ্চিত করতেই সেখানকার প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে কঠোর নিয়মকানুন ও উন্নত নজরদারির ব্যবস্থা করা উচিত।
কার কাছে এই দাবি জানানো হয়েছে?
বুধবার ওই ফোরামের সদস্যরা দেখা করেন মেঘালয়ের পর্যটন মন্ত্রী টিমোথি ডি শিরা (Timothy D Shira)-র সঙ্গে। তাঁর কাছেই স্মারকলিপি দিয়ে এই দাবি জানানো হয়েছে। ওই ফোরামের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী রাজ্যগুলো থেকে আসা ‘ডে-ভিজিটর’ 'বা দিনের বেলায় ঘুরতে আসা পর্যটকদের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি ঘটেছে। তাঁরা প্রায়শই নিজেদের খাবার ও রান্নার সরঞ্জাম সঙ্গে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসা-প্রতিষ্ঠানগুলির পরিষেবা গ্রহণ না করে অনেক পর্যটকই রাস্তার পাশে, ভিউ-পয়েন্ট এলাকায়, সর্বসাধারণের ব্যবহার্য এলাকা এবং নদীর তীরকে পিকনিক ও রান্নার জায়গা হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। সেখানেই রান্না করার পরে আবর্জনা ফেলে রাখা হয়।
ফোরামের সুপারিশ
পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় বিজ্ঞপ্তি টাঙানর জন্য দাবি করেছে ওই ফোরাম। পর্যটন বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের ছাড়াও হোটেল, হোমস্টে এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই কাজে লাগানোর সুপারিশও করেছে ওই সংগঠন। এমআরটিএফ (MRTF)-এর সভাপতি অ্যালান ওয়েস্ট খারকংগরে মতে, রাস্তার পাশে বা খোলা জায়গায় রান্না করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা উচিত। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেই বিষয়টি নিয়ে বার্তাটি স্পষ্ট হয়ে যাবে। এই ধরনের পদক্ষেপ করায় তা গোয়া পর্যটন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করেছিল বলেও জানিয়েছেন তিনি। পর্যটন মন্ত্রী এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ওই ফোরামের সদস্যরা।
এক নজরে:
FAQ
মেঘালয়ে কী সমস্যা বাড়ছে?
মেঘালয়ে এক দিনের জন্য আসা পর্যটকদের সংখ্যা বাড়ছে। তাঁরা রাস্তার পাশে রান্না করার কারণে বাড়ছে সমস্যা।
কী সমস্যা হচ্ছে?
রাস্তার পাশে রান্নার পরে ফেলে রাখা হচ্ছে আবর্জনা। এর ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে আবর্জনা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।
কী দাবি জানিয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ফোরাম?
রাস্তার পাশে রান্না করা বন্ধ করার দাবি জানিয়েছে মেঘালয় রুরাল ট্যুরিজ়িম ফোরাম।
কার কাছে দাবি জানানো হয়েছে?
এই দাবি জানানো হয়েছে মেঘালয়ের পর্যটন মন্ত্রী টিমোথি ডি শিরার কাছে।
কী চাইছে এই ফোরাম?
রাস্তার পাশে রান্না নিষিদ্ধ করতে মেঘালয় সরকার যাতে কড়া পদক্ষেপ করে সেই দাবি জানিয়েছে ওই ফোরাম।