• এখানেও সেই অনুব্রত -র নাম! ডাকাত দলের সর্দার থেকে শুরু করে টুলু মণ্ডল...সবাই কেষ্ট ‘ঘনিষ্ঠ’
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • একটানা ২৯ ঘণ্টা তল্লাশি শেষে বীরভূমের প্রাক্তন সরকারি বাসচালক তথা পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। ইতিমধ্যেই মিনার মণ্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিমুদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই মিনার। টুলু মণ্ডলের কথিত র‍্যাকেটের টাকা মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর।

    এই র‍্যাকেটের সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ রয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা ও সোনার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে, সিল করে দেওয়া হয়েছে মিনার মণ্ডলের অত্যন্ত সাদামাটা দেখতে গ্রামের দোতলা বাড়ি।

    স্থানীয় পুলিশ সূত্রের খবর, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ জনকে বুধবার দুপুরে গ্রেফতার করে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। সব মিলিয়ে এঁদের বাড়ি ঝাড়খন্ডের দুমকা ও বীরভূমে। এঁরা হল-

    1. অর্জুন লোহার – বোলপুর

    2. ⁠সেখ গিয়াসউদ্দিন – পাঁড়ুই

    3. ⁠পুলক সাহা – পাঁড়ুই

    4. ⁠অভিনব ভাস্তা – দুমকা

    5. ⁠সেখ ফিরোজ আহমেদ – দুমকা

    6. ⁠রবি কুমার কুমার গুপ্তা – দুমকা

    7. ⁠সেখ ফিরোজউদ্দিন – দুমকা

    জানা গিয়েছে, ডাকাতির ঘটনায় যে অর্জুন লোহার এর কথা বলা হচ্ছে , বোলপুরের এই অর্জুন লোহার তৃণমূল কংগ্রেস কর্মী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। ভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অর্জুন লোহারকে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গেছে।

    অন্যদিকে, টুলু মণ্ডলও অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসাবেই পরিচিত গোটা বীরভূমে৷ এমনকি, গরু পাচার মামলাতেও উঠে এসেছিল এই টুলু মণ্ডল ওরফে শেখ নাজিমুদ্দিনের নাম৷ বর্তমানে যিনি পলাতক৷

    পুলিশ জানিয়েছে, মিনার মণ্ডলের বাড়ির দোতলা ও এক তলার দু’টি ঘরে একাধিক লোহার আলমারি ছিল৷ সেখানে ক্যাম্বিস এবং রেক্সিন দু’ধরনের ব্যাগ রাখা ছিল৷ আলমারিগুলিতে এভাবে শুধু টাকাই রাখা ছিল৷ জামাকাপড় বা অন্য কিছুই ছিল না৷ বাড়িতে বক্সখাটের মধ্যেও রাখা ছিল টাকা৷
  • Link to this news (News18 বাংলা)