১৫ বছর যা হয়নি তা-ই এবার? পুজোর আগেই নয়া হাওড়া! কয়েক কোটি টাকার প্রজেক্টে শুরু তোড়জোড়
News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
: পুজোর আগেই সুফল? রাজ্যে নতুন সরকার গঠনের পরই হাওড়ার হাল ফেরাতে জোর তৎপরতা, সরকার গঠন হতেই বৃহৎ অঙ্কের টাকা বরাদ্দ করে শুরু হয়েছে কাজ। মানুষ অপেক্ষায় দিন গুনছেন সুদিনের আশায়। জানা যাচ্ছে, এই পুজোতেই আশার আলো।
৫০০ বছরেরও বেশি প্রাচীন শহর হাওড়া একসময় শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ ছিল। কিন্তু গত কয়েক বছরে ভেঙে পড়েছিল শহরের নাগরিক পরিষেবার মূল কাঠামো। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ মেটাতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। সরকারি আধিকারিকদের পাশাপাশি এই কাজে সক্রিয় ভূমিকা নিচ্ছেন স্থানীয় বিধায়ক রুদ্রনীল ঘোষ। শহরের বিপর্যস্ত পরিষেবা পুনরুদ্ধারে আগেই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছিল। এবার হাওড়া পুরসভার অধীনে উন্নয়নমূলক কাজের জন্য আরও ১৫ কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়েছে। সেই কাজে সুফল পাচ্ছে শিবপুর কেন্দ্রের মানুষও। হাওড়ার অন্যতম প্রধান সমস্যা হল দীর্ঘদিনের জলযন্ত্রণা, যা এতকাল কারখানা, ঘরবাড়ি ও রাস্তাঘাটকে বিপর্যস্ত করে রেখেছিল। এই চিত্র বদলাতে নিকাশি ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। গত ১৫ বছরে যা দেখা যায়নি, সেই আধুনিক যন্ত্রপাতির সাহায্যে শহরের গলি ও প্রধান রাস্তাগুলির নিকাশি নালিকা পরিষ্কার করা হচ্ছে।
শুধুমাত্র জল নিকাশিই নয়, পানীয় জল সরবরাহ, রাস্তার আলো এবং অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের গতিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ চললে আসন্ন দুর্গাপুজোর আগেই প্রথম পর্যায়ের কাজ শেষ হতে পারে, যা উৎসবের সময়ে শহরবাসীকে বড় স্বস্তি দেবে।
এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এলাকার হেলথ সেন্টারগুলির পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি কিছু হেলথ সেন্টারকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, এই প্রস্তাব ইতিমধ্যেই জমা পড়েছে এবং আগামী তিন বছরের মধ্যে তা বাস্তবায়িত হতে পারে। ফলে আমজনতা তাঁদের ঘরের কাছেই আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। সরকারের এই নতুন পদক্ষেপে এক নতুন সকালের স্বপ্ন দেখছেন হাওড়াবাসী।