• মদনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ED-র, কী কী ঘটল? বেরিয়ে যা যা বললেন...
    আজ তক | ৩০ জুলাই ২০২৬
  • বুধবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। ইডির আধিকারিকরা তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর দাবি, তিনি কোনও বেআইনি কাজ করেননি। এমনকী কোনও বেআইনি কাজকে মদতও দেননি। 

    তিনি বলেন, 'আমায় যা যা তথ্য চাওয়া হয়েছিল, সবটা দেওয়ার চেষ্টা করেছি।' পাশাপাশি তিনি যে তদন্তে সব ধরনের সাহায্য করেছেন, সেই বিষয়টাও স্পষ্ট করেন।

    প্রসঙ্গত, বুধবার দুপুর ১২টা নাগাদ ইডি দফতরে যান মদন। প্রায় ৭ ঘণ্টারও বেশি সময় সিজিও কমপ্লেক্সে তাঁর জিজ্ঞাসাবাদ চলে। তারপরই বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কামরহাটির বিধায়ক।

    আবার কি ডাকা হয়েছে? 
    এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মদন। তিনি জানিয়েছেন, তাঁকে এই বিষয়ে কিছু বলা হয়নি। তিনি কোনও বেআইনি কাজে যুক্ত নন। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এমনকী তাঁর পরিবারের কেউই এই ধরনের কাজে মদত দেয়নি বলেও দাবি করেন তিনি। 

    এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলেই তদন্ত করতে পারে। আমরা কর্তব্য তাঁদের সাহায্য করা। ওরা যা যা নথি চেয়েছে, দিয়েছি। জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট ছাড়া সব দিয়ে এসেছি।'

    ঠিক কী অভিযোগ? 
    পুরনিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে ইডি। আর সেই মামলাতেই নাম জড়িয়েছে কামারহাটির বিধায়কের। জুন মাসেই তাঁর বাড়িতে তল্লাশি হয়। সেই সময় তাঁর দক্ষিণেশ্বর এবং ভবানীপুর বাড়িতে একযোগে চলে তল্লাশি। তাঁর বাড়ি থেকে একাধিক নথিও নিয়ে যায় তদন্তকারীরা বলেও খবর মেলে। এরপরই ইডির দফতরে একে একে ডাক পড়ে তাঁর পরিবারের সদস্যদের।

    গত বুধবার তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সেখানে তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। ছোট ছেলের পর বৃহস্পতিবার মদনের বড় ছেলে স্বরূপ মিত্র হাজিরা দেন ইডি দপ্তরে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপর শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন মদনের স্ত্রী অর্চনা মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। এবার পুর-নিয়োগ মামলার দুর্নীতি প্রসঙ্গে মদনকে জিজ্ঞাসাবাদ করলেন আধিকারিকরা। 

     
  • Link to this news (আজ তক)