খাস কলকাতায় পুলিশ সেজে ৮৫ হাজার টাকার সিগারেট লুঠ! তারপর…
প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
পুলিশ সেজে বিপুল টাকার সিগারেট লুঠ দুষ্কৃতীর! দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় ঘটেছে এই ঘটনাটি। ইতিমধ্যেই ওই সিগারেট ব্যবসায়ী বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই সিগারেট বিক্রেতা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সিগারেট বিক্রি করেন। সেই কারণে তাঁর সাইকেলের ক্যারিয়ারে থাকে বিভিন্ন নামী ব্র্যান্ডের সিগারেটের কার্টন। সম্প্রতি তিনি সাইকেলে করে সিগারেট সরবরাহ করার জন্য বের হন। বাঁশদ্রোণীর একটি রাস্তায় তাঁর পথ আটকায় অভিযুক্ত। নিজেকে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক বলে পরিচয় দেয়। সে ব্যবসায়ীর কাছে সিগারেট কেনার নথি দেখতে চায়। এতে ব্যবসায়ীর সন্দেহ হয়। তিনি পালটা প্রশ্ন করায় ওই ব্যক্তি তাঁকে হুমকি দেয় ও মারধরও করে। সে তাঁকে বিলের উপর হোলসেলারের স্ট্যাম্প দিয়ে আসতে বলে। ওই ব্যক্তি নিজেই একটি রিক্সা ডেকে দেয়। ব্যবসায়ীকে বলে, সে সাইকেল ও সিগারেট পাহারা দেবে।
হুমকিতে ভয় পেয়ে ব্যবসায়ী ওই হোলসেলারের কাছে যান। বিলের উপর স্ট্যাম্প দিয়ে নিয়ে এসে দেখেন, তাঁর সাইকেল সেখানে পড়ে রয়েছে। কিন্তু উধাও হয়ে গিয়েছে ৮৪ হাজার ৬৪৫ টাকার সিগারেট। তার সঙ্গে উধাও হয়েছে ওই ব্যক্তিটি। তিনি বুঝতে পারেন যে, ওই ব্যক্তি আদৌ পুলিশ নয়। গোয়েন্দা পুলিশ সেজে সে সিগারেট হাতানোর জন্যই এসেছিল। সিসিটিভির ফুটেজ দেখে এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের মতে, ওই ব্যবসায়ীর উপর কিছুদিন নজরদারি করার পরই সে এই সিগারেট লুঠের ছক কষে। ওই ব্যক্তিকে শনাক্ত করে সিগারেট উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।