• সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন হানিমুন মার্ডার কেসের অভিযুক্ত সোনম রঘুবংশী
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • আত্মসমর্পণ করলেন সোনম রঘুবংশী। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে তাঁকে চিহ্নিত করেছে আদালত। সম্প্রতি তাঁকে জামিন দিয়েছিল মেঘালয় হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্ট তাঁর জামিন খারিজ করে দেয়। মঙ্গলবার মেঘালয় আদালতে আত্মসমর্পণ করেন রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশী। আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

    ২০২৫ সালের মে মাসে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে হানিমুনে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনম রঘুবংশী। সেখানেই প্রেমিকের সাহায্য নিয়ে সোনম তাঁর স্বামীকে খুন করেন বলে অভিযোগ ওঠে। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী সোনমকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করেছিল পুলিশ।

    সম্প্রতি শিলংয়ের নিম্ন আদালত সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর করেছিল। মেঘালয় হাইকোর্টও জামিন বহাল রাখে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মেঘালয় সরকার। গত ২৩ জুলাই সোনমের জামিন বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই তিন সপ্তাহের মধ্যে তাঁকে মেঘালয়ের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়েম (Vivek Syiem) জানিয়েছেন, এর পরে বুধবার আত্মসমর্পণ করেন সোনম।

    এই সঙ্গেই আগামী ছ'মাসের মধ্যে ওই মামলার শুনানি শুরু করতে হবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালে-র ডিভিশন বেঞ্চ। এই সময়ের মধ্যে শুনানি শুরু না হলে নতুন করে জামিনের আবেদন করতে পারবেন সোনম বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

    প্রসঙ্গত, গত বছরের ২ জুন চেরাপুঞ্জির কাছে পাহাড়ের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ।  প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে পরামর্শ করে সোনম তাঁর স্বামীকে খুন করেন বলে অভিযোগ। এই জন্য তিনজনকে সুপারি দেওয়া হয় বলেও অভিযোগ।

    খুনের পরে শিলং থেকে বেশ কয়েকটি রাস্তা বদল করে ইন্দোর পৌঁছন সোনম। সেখানে দিন কয়েক প্রেমিক রাজ কুশওয়াহার বাড়িতে ছিলেন তিনি। পরে উত্তর প্রদেশের গাজিপুরে গা-ঢাকা দেন তিনি। তবে সেখান থেকে সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় অন্যদের।

    এক নজরে:

    FAQ?

    কে সোনম রঘুবংশী?

    ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশী।

    কী করেছিলেন তিনি?

    গত বছর মে মাসে হানিমুনে মেঘালয় গিয়েছিলেন সোনম রঘুবংশী। সেখানেই তিনি স্বামীকে খুন করেন বলে অভিযোগ।

    কী ভাবে খুন করা হয়?

    প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে চক্রান্ত করে রাজাকে খুনের পরিকল্পনা করা হয়। এই জন্য তিন জনকে ভাড়াও করা হয়েছিল।

    কবে রাজার দেহ উদ্ধার হয়?

    গত বছরের ২ জুন চেরাপুঞ্জির কাছে একটি খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ।

    খুনের পরে কী করেন সোনম?

    একাধিক জায়গা ঘুরে ইন্দোরে প্রেমিকের বাড়িতে আসেন সোনম রঘুবংশী। পরে উত্তর প্রদেশের গাজিপুরে গা-ঢাকা দেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ।

    কী জানিয়েছে সুপ্রিম কোর্ট?

    দিন কয়েক আগে সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর করে মেঘালয়ের আদালত। ওই জামিন খারিজ করে সুপ্রিম কোর্ট। আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় সোনমকে। আগামী ছ'মাসের মধ্যে ওই মামলার শুনানি শুরু করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

    কবে আত্মসমর্পণ করেন সোনম?

    বুধবার মেঘালয়ের আদালতে আত্মসমর্পণ করেছেন সোনম।

  • Link to this news (এই সময়)