দিল্লিতে নিট আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি (পেলেট) ছোড়ার অভিযোগ উঠেছে র্যাফের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্কের আবহে বাহিনীকে নির্ভয়ে কাজ করতে বার্তা দিলেন কেন্দ্রীয় রিজ়ার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এর প্রধান ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। প্রসঙ্গত, সিআরপিএফ-এর রায়ট কন্ট্রোল ইউনিট হলো র্যাফ।
বুধবার সিআরপিএফ-এর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জ্ঞানেন্দ্র। সেখানে তিনি বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমাদের অপারেশনাল ব্যাটেলিয়ন হোক কিংবা আইনশৃঙ্খলারক্ষাকারী ইউনিট— কর্তব্য পালন করতে গিয়ে আপনারা যা সিদ্ধান্ত নেবেন, যা-ই পদক্ষেপ করবেন, সিআরপিএফ-এর ডিজি হিসেবে আমি সকল সিদ্ধান্ত ও পদক্ষেপের দায়ভার নেব।’ জওয়ানদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ও নির্দ্বিধায় নিজেদের দায়িত্ব পালন করে যান। বাহিনীর প্রধান হিসেবে যেখানে জবাব দেওয়ার প্রয়োজন হবে, আমি জবাবদিহি করব।’
পেলেট বিতর্কের মধ্যে সিআরপিএফ-এর িডজির এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ প্রথম থেকেই দাবি করে এসেছে, তারা পেলেট গান ব্যবহার করেনি পড়ুয়াদের বিক্ষোভে। এই দাবি ঘিরে প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র একটি প্রতিবেদনে দাবি করা হয়, গত ২০ জুলাই সংসদ অভিযানে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসিপি পদমর্যাদার এক অফিসারের নির্দেশে র্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট মোট ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের সেল এবং প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছেন। সংসদ অভিযানের পরে রাত দেড়টা নাগাদ এ নিয়ে থানায় একটি জেনারেল ডায়েরিও লেখা হয় বলে দাবি করা হয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
ছাত্রছাত্রীদের আন্দোলনে পেলেট গান ব্যবহারের বিষয়টি সুপ্রিম কোর্টের শুনানিতেও উঠেছে। তা সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিআরপিএফ প্রধান জানিয়েছিলেন, এ নিয়ে বাহিনীর অন্দরে নিয়ম মেনেই পর্যালোচনা হবে। ঠিক কোন পরিস্থিতিতে পেলেট ব্যবহার করা হয়, নিয়ম ঠিকঠাক মানা হয়েছে কি না, এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে।