• ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারে বাধা নেই’, সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • দিল্লির যন্তর মন্তরে NEET কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের সময়ে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর পেলেট গান ব্যবহারের অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারকে শীর্ষ আদালতের নির্দেশ, ‘RAF-এর গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে।’ একইসঙ্গে কেন্দ্রকে নোটিস জারি করে জবাবও তলব করেছে আদালত।

    পেলেট গান ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। এ দিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আবেদনকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক যশোবর্ধন আজাদ এবং যন্তর মন্তরের বিক্ষোভে আহত দুই আন্দোলনকারী। তাঁদের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ধাতব পেলেট গান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

    শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, পেলেট গান সম্পূর্ণ নিষিদ্ধ করা যায় কি না, তা এখনই বলা সম্ভব নয়। আদালতের মতে, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন অস্ত্র ব্যবহার করতে পারে। তবে কোনও নির্দিষ্ট ঘটনায় তা আদৌ প্রয়োজন ছিল কি না, সেটি আদালত খতিয়ে দেখবে।

    আদালতের পর্যবেক্ষণ, কোনও সাধারণ প্রতিবাদে যখন দুষ্কৃতীরা ঢুকে পড়ে এবং হিংসা ছড়ায়, তখন লাঠিচার্জ কিংবা টিয়ার গ্যাস প্রয়োগ করেও ভিড় সামলানো যায় না। সেই সময়ে পুলিশ গুলি (bullets) চালানোর ক্ষমতাও রাখে। সেই ক্ষেত্রে পেলেট গান পুরোপুরি নিষিদ্ধ করা যুক্তিযুক্ত নয়।

    এই কারণেই কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, যন্তর মন্তরের বিক্ষোভে RAF যে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে, তার অ্যামিউনিশন লগ, অস্ত্র ব্যবহারের নথি এবং সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে আদালত তা পরীক্ষা করতে পারে।

    এ ছাড়া বিক্ষোভের সময়ে পেলেট বা ছররা গুলিতে আহত হওয়া আন্দোলনকারীদের অবিলম্বে উপযুক্ত ও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

    আবেদনকারীদের অভিযোগ, ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির সময়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে RAF ধাতব পেলেট গান ব্যবহার করে। তাতে একাধিক আন্দোলনকারী গুরুতর আহত হন। তাঁদের দাবি, ভিড় নিয়ন্ত্রণের জন্য এমন অস্ত্র ব্যবহার মৌলিক অধিকারের পরিপন্থী এবং অসাংবিধানিক।

    এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, RAF-এর এক জওয়ান অন্তত সাত রাউন্ড পেলেট গুলি চালিয়েছিলেন, যার মধ্যে পাঁচটি বিক্ষোভকারীদের গায়ে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাহিনীর অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। এর পরে প্রাক্তন আইপিএস আধিকারিক যশবর্ধন আজাদ এবং আহত আন্দোলনকারীরা পেলেট গানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করেন।

    কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল আদালতে জানান, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাহিনীর কাছে বিভিন্ন ধরনের ভিড় নিয়ন্ত্রণের সরঞ্জাম থাকে। আদালতও স্বীকার করে যে কিছু বিরল পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের প্রশ্ন উঠতে পারে। তবে যন্তর মন্তরের ঘটনায় তা যথাযথ ছিল কি না, সেই বিষয়টি এখনও বিচারাধীন। মামলার পরবর্তী শুনানিতে কেন্দ্রকে বিস্তারিত জবাব দিতে হবে। পাশাপাশি সংরক্ষিত নথি আদালতে পেশ করার নির্দেশও বহাল থাকবে।

    সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, যন্তর মন্তরের বিক্ষোভে RAF-এর ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সমস্ত নথি সংরক্ষণ করতে হবে।

    NEET আন্দোলনের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধাতব পেলেট গান ব্যবহারের অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

    না। আদালত জানিয়েছে, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে এমন অস্ত্র ব্যবহারের প্রশ্ন উঠতে পারে। তবে নির্দিষ্ট ঘটনায় তা প্রয়োজনীয় ছিল কি না, তা আদালত বিচার করবে।

    আবেদনকারীরা চান, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার নামে ধাতব পেলেট গান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

    কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে বাহিনীর কাছে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে এবং বিশেষ পরিস্থিতিতে সেগুলি ব্যবহার করা হতে পারে।

    কেন্দ্রকে বিস্তারিত জবাব জমা দিতে হবে এবং সংরক্ষিত নথি আদালতের সামনে পেশ করতে হতে পারে।

  • Link to this news (এই সময়)