• দুই বাসের রেষারেষি, মাঝে পড়ে বেহালায় বেঘোরে প্রাণ গেল স্কুটিচালকের
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • বেহালায় দুই বাসের রেষারেষির জেরে বেঘোরে মৃত্যু হলো এক স্কুটিচালকের। দুই বাসের মাঝে পড়ে গুরুতর জখম হন তিনি। তাঁকে দ্রুত উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা নাগাদ বেহালা চৌরাস্তার কাছে শিমুলতলা বাজার সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জের সামনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বাসের রেষারেষির মাঝে পড়েছিলেন ওই স্কুটিচালক। সেই সময়ে ধর্মতলা-ডায়মন্ড হারবার রুটের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। তাঁর স্কুটিও দুমড়মুচড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বেহালা থানার পুলিশ। মৃত যুবকের নাম ও পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

    এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, যাত্রী তোলার প্রতিযোগিতায় প্রায়শই বেপরোয়া গতি বাস চালান চালকেরা। যার জেরে এই ধরনের ঘটে। এ ব্যাপারে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। দুই বাসচালকের খোঁজ চলছে।

    ২০২৩ সালে পথ দুর্ঘটনায় বড়িশা হাইস্কুলের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে বিস্তর বিতর্ক হয়েছিল কলকাতায়। রাস্তা পার করার সময়ে ওই খুদে পড়ুয়াকে একটি লরি পিষে দেয়। এই ঘটনার পরে এলাকায় ক্রসওভার গেট বসানো হয়েছিল। খালি করা হয় ফুটপাতও। অভিযোগ, বছর ঘুরতে না ঘুরতেই সব উধাও হয়ে গিয়েছে। দখল হয়ে গিয়েছে ফুটপাতও।

  • Link to this news (এই সময়)