• ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কিছু নেই, নিউ ইয়র্ক টাইমসকে তীব্র ভর্ৎসনা ভারতের
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-কে ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে উল্লেখ করায় আমেরিকার সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন নিয়ে তীব্র আপত্তি জানাল ভারত। আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কোনও ভৌগোলিক এলাকা নেই। জম্মু-কাশ্মীর এবং লাদাখের সমগ্র অঞ্চলই ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ, যার একটি অংশ পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে।

    বুধবার The New York Times পেপারে ও ২৯ জুলাই ওয়েব মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে উল্লেখ করা হয়। এর পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ পোস্ট করে ভারতীয় দূতাবাস ওই প্রতিবেদনের শব্দ চয়ন নিয়ে তীব্র সমালোচনা করে এবং একে ‘বিভ্রান্তিকর এবং ভুল’ বলে ব্যাখ্যা করেছে।

    আমেরিকার ওই সংবাদপত্র সম্প্রতি PoK নিয়ে একটি রিপোর্টে শিরোনামে লেখে, ‘স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ায় পাকিস্তানি কাশ্মীরে সংঘর্ষ শুরু’। এই শিরোনামে ব্যবহৃত শব্দ নিয়েই ক্ষুব্ধ ভারত। এর পরেই দূতাবাস NYT-কে মেনশন করে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘@nytimes-এর শিরোনামটি বিভ্রান্তিকর ও ভুল। কোনও পাকিস্তানি কাশ্মীর নেই, আছে শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীর।’

    ভারতীয় দূতাবাসের বক্তব্য, এই ধরনের টার্ম শুধু বিভ্রান্তিকরই নয়, এটি পাকিস্তানের অবৈধ দখলদারিকে কার্যত বৈধতা দেওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উচিত সংবেদনশীল ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তথ্যভিত্তিক ও নিরপেক্ষ ভাষা ব্যবহার করা।

    ভারতীয় দূতাবাস আরও জানায়, সঠিক পরিভাষা (Term) হওয়া উচিত ‘পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK)’ বা ‘পাকিস্তান-অধিকৃত জম্মু-কাশ্মীর (POJK)’। কারণ, ভারত সরকারের দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী, পাকিস্তান যে অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে, তা ভারতের সার্বভৌম ভূখণ্ডেরই একটি অংশ, যা বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে।

    কাশ্মীর ইস্যুতে ভারতের সরকারি অবস্থান বরাবরই স্পষ্ট। নয়াদিল্লির দাবি, ১৯৪৭ সালে সংযুক্তিকরণ চুক্তির (Instrument of Accession) মাধ্যমে তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। ফলে বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের সম্পূর্ণ ভূখণ্ড ভারতের অংশ। পাকিস্তান যে অংশ নিয়ন্ত্রণ করছে, সেটিকে ভারত ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বা PoK হিসেবেই উল্লেখ করে।

    এই বিতর্ক এমন সময় সামনে এল, যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে অস্থির। বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর গুলি বহু মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে অঞ্চলটির পরিচয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শব্দচয়ন নতুন করে কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় দূতাবাসের বার্তা স্পষ্ট—‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কোনও অঞ্চল নেই; যা আছে তা ভারতের ভূখণ্ড, জোর করে দখল করে রেখেছে পাকিস্তান।

    কারণ, সংবাদপত্রটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (PoK) ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে উল্লেখ করেছে, যা ভারতের মতে তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।

    ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘পাকিস্তানি কাশ্মীর’ নামে কোনও ভৌগোলিক এলাকা নেই। সঠিক পরিভাষা হল ‘Pakistan-occupied Kashmir (PoK)’ বা ‘Pakistan-occupied Jammu and Kashmir (POJK)’।

    ভারতের মতে, ‘পাকিস্তানি কাশ্মীর’ শব্দবন্ধ ব্যবহার করলে পাকিস্তানের অবৈধ দখলদারিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হয়।

    ভারতের দাবি, ১৯৪৭ সালের Instrument of Accession অনুযায়ী জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান ওই ভূখণ্ডের একটি অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে।

    The New York Times-এর একটি প্রতিবেদনের শিরোনামে "Pakistani Kashmir" শব্দবন্ধ ব্যবহার করা হয়, যার পরই ভারতীয় দূতাবাস প্রকাশ্যে আপত্তি জানায়।

    কাশ্মীর একটি সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ব্যবহৃত পরিভাষা কূটনৈতিক অবস্থান ও বৈশ্বিক জনমতের উপর প্রভাব ফেলতে পারে।

  • Link to this news (এই সময়)