তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিক অভিযোগ দায়ের হয়। ওই তিন মামলায় রক্ষাকবচ পেলেন বৃহস্পতিবার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে এ দিন মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, আপাতত শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের নামে যে FIR হয়েছে, সেই FIR-এর ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হলো। কড়া কোনও পদক্ষেপ করা যাবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই আর্জি নিয়ে যে, তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি মামলা হয়েছে, সেগুলিতে যেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। তাঁর বক্তব্য ছিল, ভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই ধরনের অভিযোগ করা হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে কোথায়, কত মামলা হয়েছে তারও তালিকা চায় আদালত। ৬ অগস্ট মামলার পরবর্তী শুনানি। যত মামলা হয়েছে, আগামী শুনানির আগে সবকটির বিস্তারিত তথ্য জানিয়ে দিতে হবে মামলাকারীকে।
অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি এফআইআর নিয়ে তাঁরা মামলা করেছেন বলে আগের শুনানিতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী। জানিয়েছিলেন, এখনও পর্যন্ত সাংসদের বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ দায়ের হয়েছে। কোনও অভিযোগ পেলেই পুলিশ প্রাথমিক তদন্ত ছাড়া এফআইআর করে দিচ্ছে। রাজনৈতিক হিংসার বশে মামলা হচ্ছে বলে দাবি করেছিলেন অভিষেকের আইনজীবী। তাই অভিষেকের বিরুদ্ধে আগামিদিনে অভিযোগ দায়ের করতে হলে যাতে আদালতের আগাম অনুমতি নেওয়া হয়, সেই আবেদনও করা হয়েছিল।
আগের শুনানিতেই আদালত জানিয়েছিল, এ ভাবে সার্বিক রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এ দিন তিনটি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক।