• কেলেঘাইয়ের রুদ্ররূপ, কচুরিপানার চাপে ভাঙল ব্রিজ
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিনের টানা প্রবল বর্ষণের জেরে কেলেঘাই নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল দুই মেদিনীপুর। নদীর স্রোতের সঙ্গে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা জমে তৈরি হয় তীব্র চাপ। সেই চাপই শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ভেঙে পড়ে সবং ব্লকের বিষ্ণুপুর এলাকার গুরুত্বপূর্ণ লাঙ্গলকাটা ব্রিজ।

    এই ব্রিজের উপর দিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার সবং এবং পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। ব্রিজ ভেঙে যাওয়ায় মুহূর্তের মধ্যেই দুই জেলার সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে নিত্যযাত্রী, ছাত্র-ছাত্রী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেলেঘাই নদীতে জমে থাকা কচুরিপানা নিয়মিত পরিষ্কার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল স্রোতের সঙ্গে কচুরিপানার বিশাল চাপ ব্রিজের উপর পড়তেই সেটির কাঠামো ভেঙে যায়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে নদীতে নেমে কচুরিপানা সরানোর কাজ শুরু করেছেন। তবে তাঁদের দাবি, দ্রুত প্রশাসনের উদ্যোগে নদী পরিষ্কার, ক্ষতিগ্রস্ত ব্রিজের পরিদর্শন এবং বিকল্প যোগাযোগের ব্যবস্থা করা হোক। অন্যথায় বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

     এলাকাবাসীর অভিযোগ, সময়মতো নদী সংস্কার ও কচুরিপানা অপসারণের ব্যবস্থা করা হলে হয়তো এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ত না। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে দুই জেলার হাজার হাজার মানুষ।
  • Link to this news (আজকাল)