BJP নেতা সুমনকে নৃশংসভাবে খুন! জনতার দরবারে বাবা...
আজকাল | ৩০ জুলাই ২০২৬
বিউ সরকার: কুপিয়ে খুন করা হয়েছে ছেলেকে। অভিযোগ পুলিশ কোনও রকম সহায়তা করেনি। উলটে খুনের ঘটনায় ধরা পড়েছিল যারা, ছাড়া পেয়েছে তারাও। পুত্রহারা পিতা, এবার মুখ্যমন্ত্রীর দরবারে। দাবি জানিয়েছিলেন সিআইডি তদন্তের। মুখ্যমন্ত্রী সেই তদন্তের আশ্বাস দিয়েছেন বলেও জানালেন সুমন মণ্ডলের বাবা।
বাঁকুড়ার সুমন মণ্ডল। যুক্ত ছিলেন আরএসএস-এর সঙ্গে। বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত কোতুলপুর বিধানসভার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কুপিয়ে খুন করা হয় সুমনকে। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। তাঁর বাবার অভিযোগ, 'বিধানসভা ভোটের কিছু আগে, ২৮ নভেম্বর ২০২৫, আমার ছেলেকে খুন করা হয়। আমরা পুলিশ থেকে কোনও সহযোগিতা পাইনি। যে চারজনকে ঘটনাস্থল থেকে ধরা পড়েছিল, তারা ছাড়া পেয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর দরবারে এসে সিআইডি তদন্তের দাবি জানান। সদর্থক আশ্বাস মিলেছে, এখন বিচারের আশায় মণ্ডল পরিবার।
রাজ্য বিজেপির সল্টলেকের দপ্তরে বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। এই নিয়ে নবম জনতার দরবার। ক্ষমতায় ফেরার পর থেকেই, মানুষের মনের কথা শুনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেদের কথা বলতে, দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। গত কয়েকবারে, বহু মানুষের জমায়েত হয়েছে দরবারের সামনে। হাতেনাতে মিলেছে সমাধান সূত্রও। এবারেও তার অন্যথা নয়। কেউ হারিয়েছেন নিজের সন্তানকে , কেউ দাদাকে, কারও দাবি চাকরি নিয়ে, কারও অভিযোগ জমি-দখল নিয়ে, অভিযোগের তীর কোথাও তৃণমূল কংগ্রেসের দিকে, কেউ আবার চিকিৎসা সংক্রান্ত-সহ নানান জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রায় ৪২ জন সাধারণ মানুষের কথা শুনবেন বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে। সমাধান মিলবে, আশায় ভিড় বিজেপির দপ্তরের বাইরে।