• মুর্শিদাবাদে মহিলাদের উচ্চশিক্ষায় বিরাট সুযোগ!
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের জন্য ফের একবার বড় সুখবর। মাসিক ৩ হাজার টাকা ভাতার ‘অন্নপূর্ণা যোজনা’ এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পর এবার ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নীতিকে সামনে রেখে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে একটি নতুন গার্লস কলেজ চালু হতে চলেছে। আর গোটা বিষয়টি দ্রুত বাস্তবায়িত করতে পদক্ষেপ করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অনগ্রসর কল্যাণ এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। 

    বৃহস্পতিবার মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী শিক্ষাবর্ষ থেকেই জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজের ‘মর্নিং সেকশনে’ শুধুমাত্র মহিলাদের কলেজ চালু করা হবে। সেখানে কলা ও বিজ্ঞান বিভাগে ছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে। তিনি বলেন, “বর্তমানে বাহাদুরপুর, লালবাগ অথবা জিয়াগঞ্জ শহর থেকে প্রায় ২০-৩০ কিলোমিটার পথ পার হয়ে বহরমপুরের গার্লস কলেজে ছাত্রীদের পড়তে যেতে হয়। যাতায়াতের এই দূরত্ব এবং খরচের কারণে অনেক ছাত্রীর পড়াশোনা মাঝপথেই থেমে যায়। জিয়াগঞ্জে গার্লস কলেজ চালু হলে লালবাগ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জের হাজার হাজার ছাত্রী উপকৃত হবে।”

    এই শিক্ষাবর্ষ থেকেই কলেজ চালু করার ইচ্ছা থাকলেও, ইতিমধ্যে বেশিরভাগ ছাত্রীই অন্য কলেজে ভর্তি হয়ে যাওয়ায় এবং পরিকাঠামোগত কিছু সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তবে অতি দ্রুত জিয়াগঞ্জের কোনও নির্দিষ্ট জায়গায় নিজস্ব ভবন সহ গার্লস কলেজ তৈরি করার পরিকল্পনাও করেছে রাজ্য সরকার। 

    রাজ্যের মন্ত্রী অভিযোগ করেন, “তৃণমূল সরকারের আমলে নেতা-নেত্রীরা মানুষকে লুট করে, ঠকিয়ে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে। শিক্ষা থেকে কর্মসংস্থান, কোনও কিছুর দিকেই তারা নজর দেয়নি।” তিনি আরও বলেন, “কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই মানুষের জন্য কাজ করে চলেছে। অন্নপূর্ণা যোজনায় মহিলারা মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন, সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন। এবার ছাত্রীদের উচ্চশিক্ষার দায়িত্বও আমরা নিলাম।”

    মুর্শিদাবাদের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “এক সময় মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। বাংলা, বিহার, ওড়িশার রাজধানীও ছিল মুর্শিদাবাদ। সেই নবাবের রাজধানী শহরকে তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকের শহর বানিয়ে দিয়েছে। আমরা চাই মুর্শিদাবাদের সেই হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে। শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে সাধারণ মানুষের কর্মসংস্থান— সব ক্ষেত্রেই মুর্শিদাবাদ জেলাকে রাজধানীর সমতুল্য শহর হিসেবে গড়ে তোলাই আমাদের বিজেপি সরকারের লক্ষ্য।”
  • Link to this news (আজকাল)