• দশ সপ্তাহেই ভোল পাল্টে গেছে পুলিশের!
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: দশ সপ্তাহের কাজেই পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী। আর এই ভাবে কাজ করতে পারলে পশ্চিমবঙ্গ পুলিশ দেশের সেরা পুলিশ বাহিনীগুলির মধ্যে জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিপি) আয়োজিত ঐতিহ্যবাহী বড়াখানায় মধ্যাহ্ন ভোজের আয়োজনে অংশ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতার মধ্যে থেকেও গত ১০ সপ্তাহে রাজ্য পুলিশ যেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, তা প্রশংসার দাবি রাখে।

    তবে শুধু পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে কথাবার্তা বলেই তিনি দায় সারতে নারাজ॥ তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গেই  প্রশাসনিক বৈঠকে তিনি আবদ্ধ থাকবেন না। নীচুতলার কর্মরত পুলিশকর্মীদের সমস্যাও সরাসরি শুনে তার সমাধানের চেষ্টা করবেন।

    মুখ্যমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে রাজ্যের আর্থিক পরিস্থিতি ভাল নয। কিন্তু তা সত্ত্বেও পুলিশমন্ত্রী হিসাবে তিনি সবসময় পুলিশের পাশে থাকবেন এবং যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এ দিন তিনি আগের শাসকের কিছু প্রশাসনিক ত্রুটির কথাও তুলে ধরে সেগুলি সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেন।

    প্রত্যন্ত এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসনের সংকট, বিশুদ্ধ পানীয় জলের অভাব, পর্যাপ্ত যানবাহন এবং অন্যান্য লজিস্টিক সুবিধার ঘাটতির বিষয়েও রাজ্য সরকার অবগত বলে জানান মুখ্যমন্ত্রী। ধাপে ধাপে এই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

    গত দু’মাসে পুলিশের কর্মদক্ষতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণে রাজ্য পুলিশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

    মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁর রয়েছে। তাঁর কথায়, বর্তমান মানবসম্পদের যথাযথ ব্যবহার করা গেলে পশ্চিমবঙ্গ পুলিশ শুধু অন্যান্য রাজ্যের পুলিশ বাহিনীকেই নয়, প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও দক্ষতার নিরিখে টেক্কা দিতে সক্ষম হবে। তিনি জানান, ভবিষ্যতে পুলিশের সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও অভাব-অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি।
  • Link to this news (আজকাল)