আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার এ-ই ব্লকের একটি বাড়ি থেকে দু'টি দেহ উদ্ধার হয়। মৃত সজল কুমার কুন্ডু এবং রঞ্জনা কুন্ডু সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে।
দম্পতির ছেলে বাড়ি ছিলেন না। তিনি ফোন করলে মা বা বাবা কেউ-ই ফোন ধরছিলেন না। তখন ছেলে এক প্রতিবেশীকে ফোন করেন। প্রতিবেশী বাড়িতে এলে দেখেন সেখানে তালা দেওয়া। বেল দিলেও কেউ দরজা খুলছে না।
পুরো বিষয়টি জানিয়ে ছেলেকে খবর দেওয়া হয়। তিনি বাড়িতে এসে তালা খুলে দেখেন ঘরের মধ্যে খাটের ওপর মৃত অবস্থায় দম্পতির দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বিধান নগর উত্তর থানায়। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানিয়েছেন যে, মৃত রঞ্জনা কুন্ডু ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তার জেরেই মানসিক অবসাদ নাকি অর্থনৈতিক সমস্যা, অথবা অন্য কোনও সমস্যায় এই পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ।