বিউ সরকার: 'জনতার দরবারে' অভিযোগ জানিয়েছিলেন। তারপরই অ্যাকশন শুরু হয়েছিল। শেষমেষ দু'মাসেই সমস্যার সমাধান হল। ঠাঁই খুঁজে পেয়ে খুশি ভবানীপুরের বৃদ্ধ প্রবীর মুখার্জি। বৃহস্পতিবারও তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। দুর্নীতিগ্রস্ত প্রমোটারদের হাত থেকে ফ্ল্যাট পেয়ে মিষ্টি খাইয়ে জড়িয়ে ধরলেন শুবেন্দু অধিকারীকে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ৮১ বছরের প্রবীর মুখার্জি বললেন "সমস্যা থাকলে প্রত্যেকে এখানে আসুন, আমি পেয়েছি, সকলেই জাস্টিস পাবেন।"
গত ২৫শে মে খ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ এসেছিলেন প্রবীর মুখার্জি। অসাধু প্রোমোটার চক্রের গ্রাসে পড়েছিলেন ভবানীপুরের এই বৃদ্ধের পরিবার। ঠাঁই হয়েছিল ভাড়া বাড়িতে। বার বার হকের ফ্ল্যাটের দাবি জানিয়েও জুটেছিল হুমকি। প্রমোটারের বন্দুক দেখানো, সেদিনের হুঁশিয়ারিতে শিউরে উঠতেন প্রবীরবাবু।
সরকারের বদল হতেই প্রবীর বাবুর 'ভয় আউট ভরসা ইন'। আশায় বুক বাঁধেছেন বৃদ্ধ। অভিযুক্ত প্রোমোটার জয় কামদারের বিরুদ্ধে প্রবীর বাবু, তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তার ২৪ ঘন্টার মধ্যেই অ্যাকশনে শুরু করেছিল ইডি। প্রবীর মুখার্জির বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। প্রমোটারের সঙ্গে প্রবীর বাবুদের চুক্তির কাগজ খতিয়ে দেখে ইডি আধিকারিকরা পদক্ষেপ করেন। পরে হকের ফ্ল্যাট ফিরে পান ভবানীপুরের প্রবীর মুখার্জি।
কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। সমস্যার সমাধান হয়েছে বৃদ্ধের। এবার মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বৃদ্ধও।