নবান্নের পরে আরও এক সরকারি ভবনের ফলকের রং পরিবর্তন!
আজকাল | ৩০ জুলাই ২০২৬
বিউ সরকার
সরকার পরিবর্তনের পরে রাজ্যে অনেক পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগে নবান্নের সভাঘরের রং পরিবর্তন হয়েছিল। তারপরে নবান্নের নীল রঙের ফলকের রং পরিবর্তন হয়েছে। কয়েকদিন আগে নীল রং সরে গিয়ে সেখানে জায়গা নিয়েছে গেরুয়া রং। বহু দূর থেকে চোখে পড়ছে নবান্নের নাম। এবার আরও এক সরকারি ভবনের নামের রং পরিবর্তন হল।
বৃহস্পতিবার বিকাশ ভবনের নামের রং বদলে গেল। সাদা রং দিয়ে লেখা বিকাশ ভবনের নামের ফলক সরিয়ে এবার গেরুয়া রং দিয়ে লেখা হল নাম। ১৫ বছরের শাসনকালে বিকাশ ভবনের পাঁচ তলায় সাদা রঙের বিকাশ ভবন লেখা নামফলকটি বদলে ফেলা হল।
জানা গিয়েছে, আপাতত কেবল বিকাশ ভবনে লেখা নামের ফলকের রং বদল হয়েছে। পরে ভবনের রং বদলানো হবে কিনা এই বিষয়ে অবশ্য রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজ্যে পট পরিবর্তনের পরে দেখা গিয়েছে যে, গেরুয়া আলোয় সাজানো হয়েছিল নবান্ন ভবন। বিধানসভা ভবনও একই রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। এবারে ১৫ বছরের নীল সাদা রং মুছে গেল।
এর পাশাপাশি, আরও অনেক ক্ষেত্রে রং পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাজ্যের সব স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তন করা হবে বলে আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২২ সালে তৎকালীন তৃণমূল সরকার বাংলার সরকারি স্কুলগুলির পোশাকের রং নীল-সাদা করেছিল। তবে, পালাবদলের পর মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, নীল-সাদা ইউনিফর্ম আর নয়। ২০২২ সালের আগে, স্কুলের নিজস্ব যে পোশাক ছিল, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে আবারও তা চালু করা হবে। বৃহস্পতিবার স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, পূর্বতন সরকারের নির্দেশে প্রতিটি স্কুলের রং নীল-সাদা করার হয়েছিল। কেউ যদি চান তাদের স্কুলের নিজের মত রং করতে পারেন। আবার যদি কেউ চান নীল সাদা রং রাখতে পারেন।