• সল্টলেকে ঘরের ভিতর থেকে উদ্ধার যুগলের দেহ, খুন না আত্মহত্যা?
    আজ তক | ৩০ জুলাই ২০২৬
  • সল্টলেকের অভিজাত এলাকায়  দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সল্টলেকের AE ব্লকের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ওই প্রবীণ দম্পতির দেহ উদ্ধার হল। মৃতেরা হলেন সজলকুমার কুণ্ডু (৬৪) এবং তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডু (৬১)।

     পুলিশের প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণে ওই বৃদ্ধ দম্পতি অবসাদে ভুগছিলেন। এর জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। যদিও পুলিশি তদন্তে এই ঘটনায় অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ওই দম্পতিকে ফোন করেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেওয়া হয়। পরে দরজা খুলে দু’জনের দেহ উদ্ধার হয়। 

    জানা যাচ্ছে,  দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রঞ্জনা কুণ্ডু। স্বামী সজল কুণ্ডুও অসুস্থ ছিলেন। এই নিয়ে দুজনেই অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। এই কারণে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ওই একই বাড়িতে সজলের ছেলে ও বউমা থাকেন। বুধবার তাঁরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখানেই ছিলেন। সল্টলেকের বাড়িতে সজল ও রঞ্জনা দু’জনেই ছিলেন। বৃহস্পতিবার সকালে ছেলে একাধিকবার বাড়িতে ফোন করেন। কিন্তু কেউ ফোন তোলেননি। এরপর প্রতিবেশী ও বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর দেন ওই দম্পতির ছেলে। 

    দম্পতির ছেলে ফোন করলে মা বা বাবা কেউ-ই ফোন ধরছিলেন না। তখন ছেলে এক প্রতিবেশীকে ফোন করেন। প্রতিবেশী বাড়িতে এসে দেখেন সেখানে তালা দেওয়া। বেল দিলেও কেউ দরজা খুলছে না। পুরো বিষয়টি জানিয়ে ছেলেকে খবর দেওয়া হয়। তিনি বাড়িতে এসে তালা খুলে দেখেন ঘরের মধ্যে খাটের ওপর মৃত অবস্থায় দম্পতির দেহ পড়ে রয়েছে। কী ভাবে এবং কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজ তক)