সিঙ্গুরে কেমিক্যাল হাব তৈরির পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শমীকের
দৈনিক স্টেটসম্যান | ৩০ জুলাই ২০২৬
এবার বাংলাতেও গড়ে উঠবে বিশাল কেমিক্যাল পার্ক। এমনটাই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এমনকী সেই কেমিক্যাল পার্ক কোথায় তৈরি করা যায়, সেঠাও জানিয়েছেন বিজেপি সাংসদ। কেন্দ্র সরকারের ৩,০৩০ কোটি টাকার ভব্য রসায়ন প্রকল্পের আওতায় বাংলায় এই কেমিক্যাল পার্ক গড়ে তোলার আবেদন জানিয়েছেন শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে কী জানিয়েছেন? সেই চিঠিতে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, এটা পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য একটা বড় সুযোগ। অন্য রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর আগে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে রাজ্যের তরফের দাবি পেশ করা উচিত। তিনি চিঠিতে জানিয়েছেন, রাজ্য সরকার যদি এই প্রকল্পে সাফল্য পায়, তাহলে সরকারি অনুদানের পাশাপাশি ভবিষ্যতে বাংলায় হাজার হাজার কোটি টাকার দেশি ও বিদেশি বেসরকারি বিনিয়োগ আসবে। চিঠির অনুলিপি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় এবং শিল্প সচিবের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।
সেই চিঠিতে শমীক ভট্টাচার্য কেমিক্যাল পার্ক গড়ে তোলার জন্য চারটি জায়গা সিঙ্গুর, হলদিয়া, দুর্গাপুর ও রঘুনাথপুরের নাম উল্লেখ করেছেন। এছাড়াও অন্য কোনও জমি বেছে নেওয়ার কথা জানিয়েছেন। এর পাশাপাশি শমীক ভট্টাচার্য চারটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে, শিল্প দপ্তর ও ডব্লিউবিআইডিসি-কে নিয়ে আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স গঠন করে আবেদন প্রস্তুত করা। আগামী রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকার প্রয়োজনীয় অংশীদারিত্বের ব্যবস্থা করা। ২ হাজার একর বিতর্কমুক্ত জমিক মালিকানা ও প্রস্তুতি সংক্রান্ত নথি গুছিয়ে রাখা। সবশেষে কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রোরসায়ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখা।
যদি জমি নিয়ে কোনও বিতর্কের সৃষ্টি না হয়, তাহলে সিঙ্গুরেও এই পার্ক তৈরি করা যেতে পারে বলে আর্জি জানিয়েছেন শমীক। তবে কেন্দ্রীয় সরকার কেমিক্যাল হাব গড়ার পাশাপাশি সেমি কন্ডাক্টর শিল্পে বড় বিনিয়োগ আনতেও উৎসাহিত করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এ বিষয়ে আগ্রহ রয়েছে। বাংলায় সেমি কন্ডাক্টর শিল্পে বিনিয়োগের জন্য শুভেন্দু অধিকারী টাটাদের প্রস্তাব দেবেন বলে কিছুদিন আগে জানিয়েছেন।