সরকারি অফিসে ঘোরার দিন শেষ! স্মার্টফোনেই হবে আবাস যোজনার ‘সেল্ফ সার্ভে’
প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে এবার সেল্ফ সার্ভে করতে পারছেন উপভোক্তারা। স্মার্টফোনের মাধ্যমেই করা যাচ্ছে এই সার্ভে। এর ফলে আর সরকারি অফিসে ঘুরতে হবে না মানুষকে। যদিও অফিসের মাধ্যমেও চলবে সার্ভের কাজ। এখনও পর্যন্ত রাজ্যে সেল্ফ সার্ভে হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৫৫ টি। সবথেকে বেশি সেল্ফ সার্ভে হয়েছে মালদহে। সব থেকে কম হয়েছে কালিম্পঙে।
জানা গিয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই সমীক্ষা চলবে। যাঁদের পাকা বাড়ি নেই ও যোগ্য তাঁরা স্মার্ট ফোন থেকে সেল্ফ সার্ভে করে নিতে পারেন। কোনও উপভোক্তা নিজে এই সার্ভে করতে না পারলে প্রতিবেশী বা পরিবারের অন্য কারও সাহায্য নিতে পারেন বলে জানিয়েছে রাজ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২ লাখ ৩৫ হাজার ৯৫৫ টি সেল্ফ সার্ভে সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গে আবেদনের সংখ্যা সবথেকে বেশি। তবে কালিম্পঙে স্ব-সমীক্ষা বা সেফ্ল সার্ভের সংখ্যা সবথেকে কম। তথ্য অনুযায়ী,
মালদহে ৫৫,৬৩২, জলপাইগুড়িতে ৪৬,৩৬৬, কোচবিহারে ২৫,৮৭৪, উত্তর দিনাজপুরে ১৭,২০৮, নদিয়ায় ১২,৪৭২, মুর্শিদাবাদে ১০,৮৮১, পশ্চিম মেদিনীপুরে ১০,৮৬৭, দক্ষিণ ২৪ পরগনায় ১০,৪০৭, আলিপুরদুয়ারে ৮,৪৬৮, পূর্ব মেদিনীপুরে ৫,৯১৪, উত্তর ২৪ পরগনায় ৫,৫৬৩, পুরুলিয়ায় ৫,২১২, ঝাড়গ্রামে ৪,৭৯৬, হুগলিতে ৪,০৮৬, বীরভূমে ৩,৮০৪, পূর্ব বর্ধমানে ৩,২৩৮, বাঁকুড়ায় ২,১২৬, দক্ষিণ দিনাজপুরে ১,৫৫৪, হাওড়ায় ৫৪৪, পশ্চিম বর্ধমানে ৩৯৬, শিলিগুড়ি মহকুমা পরিষদে ৩৯১, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদে (DGHC) ১৩১ এবং কালিম্পংঙে ২৫টি সেল্ফ সার্ভে নথিভুক্ত হয়েছে।
সেল্ফ সার্ভে করার পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে। নিজের স্মার্টফোনে এই সার্ভে করতে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ দুটির নাম হল আবাস প্লাস ২০২৪ ও আধার ফেস আরডি। আবাস প্লাস ২০২৪ অ্যাপটি খুল নিজের পছন্দের ভাষা নির্বাচন করে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারীকে নিজের ও পরিবারের সকল সদস্যদের তথ্য এবং জব কার্ড সংক্রান্ত সব তথ্য নথিভুক্ত করতে হবে। দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও। এরপর অ্যাপে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলির সঠিক উত্তর দিতে হবে। বর্তমানে যে কাঁচা বাড়িতে আবেদনকারী থাকেন তাঁর ছবি তুলে পাঠাতে হবে। যেখানে নতুন বাড়ি তৈরি করতে চান সেই জায়গারও ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হলে আপলোড সার্ভে বাটনে ক্লিক করতে হবে। সমীক্ষাটি সফল হলে স্ক্রিনের উপরে ভেসে উঠবে ‘সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি’।