‘জামতারা স্টাইলে’ গোটা দেশে সাইবার প্রতারণার জাল বিস্তার! রিষড়ার ফ্ল্যাট থেকে ধৃত ৯
প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
রিষড়ার (Rishra) ফ্ল্যাটে বসে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করত জালিয়াতরা। সেই খবর পেয়ে বুধবার রাতে ওই ৩টি ফ্ল্যাটে অভিযান চালায় রিষড়া থানার পুলিশ। সেখান থেকে ৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ টি মোবাইল ফোন, ১৬ টি ডেবিট কার্ড, ৩টি পাশ বই, ৩ টি চেক বই ও একটি মেট্রো কার্ড। প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক-সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রিষড়ার ওই ফ্ল্যাটগুলিতে অভিযান চালায় রিষড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি পরমেশ্বর প্রামাণিক। তিনটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট বন্ধ ছিল। বাকি দুটি ফ্ল্যাট থেকে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস রিষড়া থানায় সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে এই প্রতারকরা রিষড়ায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। ফোনের মাধ্যমে গোটা দেশে প্রতারণা চক্র চালাত তাঁরা।
ডিসিপি আরও বলেন, ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ড থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ৩৩টি এরকম প্রতারণার লিঙ্ক পাওয়া গিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। এগুলির সঙ্গে বিষড়ায় ধৃত অভিযুক্তদের যোগ পাওয়া গিয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। যেসব থানায় মামলাগুলি দায়ের হয়েছে সেই থানাগুলির সাহায্য নিয়ে চলবে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামতারা গ্যাংয়ের স্টাইলে প্রতারণা চক্র চালাত রিষড়ার প্রতারকরা। ফোন করে বিভিন্নভাবে টার্গেটদের লোভ দেখাত তারা। কখনও লটারি, কখনও লোনের টোপ দেখিয়ে প্রতারণা করা হত।