বাড়ির দরজা খুলতেই বিছানায় পড়ে দম্পতির নিথর দেহ। বৃহস্পতিবার সল্টলেকের (Salt Lake) এই ব্লকের ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণে ওই দম্পতি অবসাদে ভুগছিলেন। এর জেরে বিষ খেয়ে আত্মঘাতী হন তাঁরা। যদিও এই ঘটনায় অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।
মৃতরা হলেন সজল কুমার কুণ্ডু (৬৪) ও তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডু (৬১)। দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন রঞ্জনা। সজলও অসুস্থ ছিলেন। এই নিয়ে দুজনেই অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। এই কারণে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ওই একই বাড়িতে সজলের ছেলে ও বউমা থাকেন। বুধবার তাঁরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখানেই ছিলেন তাঁরা। সল্টলেকের বাড়িতে সজল ও রঞ্জনা দু’জনেই ছিলেন। বৃহস্পতিবার সকালে ছেলে একাধিকবার বাড়িতে ফোন করেন। কিন্তু কেউ ফোন তোলেননি। এরপর প্রতিবেশী ও বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর দেন ওই দম্পতির ছেলে। পুলিশ এসে দরজা খুলে ঘরের বিছানা থেকে দু’জনের দেহ উদ্ধার করে। দেহ দু’টি নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। মূলত অসুস্থতার কারণেই তাঁরা মানসিক অবসাদে থাকতেন। বুধবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।