• দু’কূল গেল ব্যবসায়ীর! সোনা নিয়ে গেল জালিয়াতরা, ৫০ লাখি অ্যাকাউন্ট বন্ধ করল পুলিশ
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
  • সাইবার অপরাধের টাকা দিয়ে বিপুল সোনা কিনল জালিয়াতরা। শহরের একটি নামী সোনার দোকানের অ‌্যাকাউন্টের লেনদেন পুলিশ বন্ধ করে দিতেই বিষয়টি জানতে পারেন ওই সোনার দোকানের মালিকরা। পুলিশের কাছে প্রায় ৫০ লাখ টাকার ওই সোনা ফেরতের আবেদন জানিয়েছেন তাঁরা। দুই সাইবার জালিয়াতের বিরুদ্ধে পূর্ব কলকাতার (Kolkata) ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে ওই সোনার দোকান কর্তৃপক্ষ।

    পুলিশ জানিয়েছে, গত মাসে এই ঘটনার সূত্রপাত। ফুলবাগানের কাঁকুড়গাছি এলাকার ওই সোনার শোরুমে আশিস শাহ পরিচয় দিয়ে এক ব‌্যক্তি আসে। সে ১০৪ গ্রাম সোনার কয়েন, ২৩৪ গ্রাম সোনার বাঁট, প্রায় ৩০ গ্রাম সোনার বালা কেনে। প্রায় ৫০ লাখ টাকা দামের সোনা কেনার জন‌্য পার্থ দেবেন্দ্র রোট্টেল্লু নামে এক ব‌্যক্তির অ‌্যাকাউন্ট থেকে আরটিজিএস-এ ওই সোনার দাম মেটানো হয়। রোট্টেল্লু মেল পাঠিয়ে আশিসের হাতে ওই সোনার সামগ্রী তুলে দিতে বলে। দু’জনের পরিচয়পত্র খতিয়ে দেখে সোনার দোকান কর্তৃপক্ষ সেই সোনা তুলে দেয় ক্রেতার হাতে।

    কিন্তু কিছুদিনের মধ্যে সাইবার গোয়েন্দাদের পক্ষ থেকে ওই সোনার দোকানের অ‌্যাকাউন্ট বন্ধ করে দিয়ে তাঁদের জানানো হয় যে, ওই সোনা যারা কিনেছে, তারা আসলে সাইবার জালিয়াত। সাইবার জালিয়াতির নগদ টাকা তারা নিজেদের কাছে না রেখে তার বদলে সোনা কিনে রেখে দিচ্ছে। বেশ কিছু মামলার তদন্তের পর সাইবার গোয়েন্দারা জানতে পারেন যে, ওই বিপুল টাকা দিয়ে কাঁকুড়গাছির দোকান থেকে সোনা কেনা হয়েছে।

    একদিকে, সোনা অন্যদিকে টাকা খুইয়ে বিপদে পড়ার পর সোনার দোকান কর্তৃপক্ষ সাহায‌্য নিয়েছে পুলিশের। ফুলবাগান থানায় আশিস শাহ ও রোট্টেল্লুর বিরুদ্ধে ওই সোনার দোকান কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। দোকানের আবেদন, খোয়া যাওয়া ওই সোনা সাইবার জালিয়াতদের কাছ থেকে উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। গ্রেপ্তার করা হোক দুই অভিযুক্ত-সহ সাইবার অপরাধ চক্রের বাকিদের। যদিও পুলিশের ধারণা, আশিস বা রোট্টেল্লু, দু’জনই ভুয়ো পরিচয়পত্র দেখিয়েছে দোকান কর্তৃপক্ষকে।  এই ব‌্যাপারে মামলা দায়ের করার পর পুলিশ প্রাথমিকভাবে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে আশিস শাহ নামে ওই ব‌্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ছাড়াও ব‌্যাঙ্ক অ‌্যাাকউন্টের সূত্র ধরে রোট্টেল্লুরও পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)