• দিনমজুর হিসেবে লরিতে পাথর বোঝাই করত, কীভাবে সেই টুলুই হয়ে উঠল 'পাথর সম্রাট'? সিনেমার মতো উত্থান
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • বুধবার সকাল থেকে টানটান উত্তেজনা বীরভূমে। সবাই টিভির পর্দায় তাকিয়ে কত টাকা উদ্ধার হয় শেষ পর্যন্ত। প্রসঙ্গত বুধবার দিন যত গড়িয়েছে, বীরভূমের মিনার মণ্ডলের বাড়ির আনাচকানাচ থেকে বেরিয়েছে থরে থরে টাকার পাহাড়। শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের বাসচালকের চাকরি থেকে ইস্তফা দেওয়া মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কিলোগ্রাম সোনার বাট।

    তবে এই মিনার মণ্ডল পেশায় বাসের চালক থাকলেও তাঁর অন্য এক পরিচয় রয়েছে। তিনি বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের টোল ব্যবসার ম্যানেজারের পাশাপাশি নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভগ্নিপতি ( টুলুর পিসতুতো বোনের স্বামী)। আর সেই মিনারের বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের একমত এত বিপুল অঙ্কের টাকা কোনওভাবেই মিনারের হতে পারে না।

    তাহলে সেই টাকা কার! পুলিশের কাছে লজিক একবারে পরিষ্কার একজন প্রাক্তন বাস চালকের কাছে এত টাকা থাকা কোনওভাবেই সম্ভব নয়। বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বুন্দেশ জানান, “ওই টাকা টুলুরই”। বুধবার দিনভর টুলুর খোঁজ পায়নি পুলিশ। তবে হঠাৎ করে কেমন ভাবে সাধারণ টুলু হয়ে উঠল পাথরসম্রাট? এই বিষয়ে যদিও সাধারণ মানুষের বক্তব্য টুলু পাথরসম্রাট নয় সে ‘পাথর মাফিয়া’। কারণ মোহাম্মদবাজার থেকে শুরু করে নলহাটি, মুরারই, রামপুরহাট, বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা ব্যাসল্ট পাথরের খনি থেকে গোটা রাজ্যে, এবং রাজ্য ছাড়িয়ে ভিনওরাজ্যে বা বাংলাদেশেও যে পাথর সরবরাহ হয়, গোটাটাই নাকি নিয়ন্ত্রণ করেন টুলু।

    পাঁচামি স্টোন কোয়ারি সংগঠনের এক প্রবীণ সদস্যের কথায়, “হঠাৎ করেই টুলু পাথর সম্রাট হয়ে ওঠেনি, সময়টা ছিল তখন ১৯৯৯ থেকে ২০০০ সাল সেই সময় প্রথম দিকে দিনমজুর হিসেবে ক্রাশারে আসা লরিতে পাথর বোঝাই করত টুলু।’’ তবে অবশ্য বেশিদিন তিনি এই কাজ করেননি, পরবর্তীতে লরিচালকদের সঙ্গে চুক্তি করে লরিতে পাথর বোঝাই করার বরাত নেওয়া শুরু করেন তিনি। মূলধন ছাড়া ব্যবসা। সেই মুনাফার টাকাতেই ২০১০ সালের মধ্যে কিনে ফেলেন পুরনো একটা লরি। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে আরও দুটো পুরনো লরি কিনে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী। সেই থেকে ধীরে ধীরে টুলু হয়ে ওঠে পাথরের জগতে ‘সম্রাট’।
  • Link to this news (News18 বাংলা)