• ভাড়া বাড়িতে থেকেই 'লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম তুললেন নদিয়ার 'সেলসম্যান'
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • : হাত পুরো উল্টে আজব কৃতিত্ব! বিশ্বকে তাক লাগিয়ে ‘লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ বীরনগরের বিশ্বজিৎ। মানুষের জীবনে চলার পথে অন্যতম প্রধান চালিকাশক্তি হল হাত। লেখাপড়া, খাওয়া-দাওয়া, কর্মজীবন থেকে শুরু করে স্পর্শের অনুভূতি—সবকিছুতেই হাতের ভূমিকা অপরিহার্য। কিন্তু এই হাত দিয়েই যদি কেউ এমন কিছু করে দেখান যা সাধারণের কল্পনার বাইরে, তবে তা তাজ্জব বানিয়ে দেয় বিশ্বকে। এমনই এক অবিশ্বাস্য প্রতিভা তুলে ধরে আন্তর্জাতিক নজর কাড়লেন নদিয়ার বীরনগরের ৪৫ বছর বয়সী বিশ্বজিৎ মজুমদার।

    দুই হাতের সবকটি আঙুল সম্পূর্ণ উল্টে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ছোটবেলায় যখন তিনি বীরনগরের প্রাথমিক স্কুলে পড়তেন, তখনই প্রথম খেয়াল করেন হাতের আঙুল অদ্ভুতভাবে উল্টে দেওয়ার এই ক্ষমতাটি। প্রথমে বিষয়টি খেলাচ্ছলে শুরু হলেও ধীরে ধীরে এটিই তাঁর ব্যাকুল অনুরাগে (প্যাশনে) পরিণত হয়। যদিও প্রাথমিক দিনগুলোতে এই অদ্ভুত শারীরিক সক্ষমতাকে ঘিরে কোনও বড় স্বপ্নের কথা ভাবেননি তিনি। পরবর্তীকালে কলকাতার মামাবাড়িতে থেকে সেলসের চাকরি শুরু করলেও নিজের এই বিশেষ দক্ষতাকে থামিয়ে রাখেননি বিশ্বজিৎ।

    কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত ‘ইন্ডিয়ান ট্যালেন্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনালিস্ট হন তিনি। এরপর মুম্বইয়ে আয়োজিত চূড়ান্ত পর্বেও তিনি নিজের সেরাটা তুলে ধরেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার লক্ষ্য থাকলেও বিশ্বজিৎ এখানেই থেমে থাকেননি। নিজের ক্ষমতাকে আরও নতুনভাবে উপস্থাপন করার জন্য প্রতিনিয়ত নানারকম কসরত ও চেষ্টা চালিয়ে যান। অবশেষে তাঁর এই অক্লান্ত পরিশ্রমে আসে কাঙ্ক্ষিত সাফল্য। কয়েক মাস আগে তিনি ‘লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ আবেদনের জন্য নিজের কাজের ভিডিও পাঠান।

    ভিডিওটি দেখে এবং বিশ্বজিতের সঙ্গে কথা বলে তার এই বিরল প্রতিভাকে স্বীকৃতি দেয় উক্ত আন্তর্জাতিক সংস্থা। বীরনগরে ভাড়া বাড়িতে থাকা বিশ্বজিতের মা-সহ পুরো পরিবার ও এলাকাবাসী আজ তার এই সাফল্যে গর্বিত। সাধারণ সেলসের কাজের পাশাপাশি নিজের অধ্যাবসায় ও বিশেষ শারীরিক সক্ষমতাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়ে বিশ্বজিৎ প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা আর অদম্য জেদ থাকলে অতি সাধারণ অবস্থান থেকেও বিশ্বমঞ্চে নাম লেখানো সম্ভব।
  • Link to this news (News18 বাংলা)