• সুন্দরবনের খাঁড়িতে পাচারকারীদের 'যম' এই বনকর্মী, বাঘ দিবসে দিল্লির দরবারে পেলেন বড় সম্মান
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • বণ্যপ্রাণী শিকার ও পাচার রুখে পুরষ্কৃত সুন্দরবনের ফরেস্ট গার্ড। পোচিং বা বন্যপ্রাণী শিকার ও পাচার রুখতে দীর্ঘদিন ধরেই নিরলসভাবে কাজ করে চলেছেন বনদফতরের কর্মী ও আধিকারিকরা। সেই কাজের স্বীকৃতিস্বরূপ এবার জাতীয় স্তরে সম্মানিত হলেন সুন্দরবনের এক ফরেস্ট গার্ড রাজীব নস্কর। দিল্লিতে ওই বনকর্মী রাজীব নস্করকে বিশেষ সম্মান জানানো হয়। বন্যপ্রাণী সুরক্ষা ও পোচিং প্রতিরোধ বিভাগে সারা দেশের মধ্যে একমাত্র তিনিই এ বছর এই সম্মান অর্জন করেছেন। প্রায় ২৪ বছরের কর্মজীবনে সুন্দরবনের বিভিন্ন ডিভিশন ও রেঞ্জে দায়িত্ব সামলেছেন রাজীব নস্কর।

    গত তিন বছর ধরে তিনি সজনেখালি বিটের অধীন এলাকায় কর্মরত। নদীপথে টহল থেকে গভীর জঙ্গলে অভিযান বন্যপ্রাণী সুরক্ষায় প্রতিনিয়ত সক্রিয় থাকেন তিনি। কোথাও শিকার বা পাচারের খবর পেলেই নিজের দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামেন। রাজীব নস্কর জানান, বিভিন্ন সূত্রে খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। গত এক বছরে তিনটি পোচিংয়ের চেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। বনকর্মীদের তৎপরতায় দুষ্কৃতীরা পালাতে বাধ্য হয়। তিনি বলেন, “অসাধু চক্রের পরিকল্পনা ভেস্তে দিতে পেরে আমরা সন্তুষ্ট।”

    সুন্দরবন টাইগার রিজার্ভ সূত্রে জানা গিয়েছে, রাজীববাবুর কাজের বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল। প্রতি বছর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উদ্যোগে বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে দিল্লিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বনকর্মী ও আধিকারিকদের সম্মানিত করা হয়। এ বছর পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাজীব নস্করই এই সম্মান পেয়েছেন। তাঁর এই সাফল্যে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন টাইগার রিজার্ভের আধিকারিকরা।
  • Link to this news (News18 বাংলা)