• বাস, অটোর দুর্ভোগ অতীত, জয়নগর-রায়দিঘি রেল প্রকল্পে নয়া মোড়! কী বললেন রেলমন্ত্রী?
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • জয়নগর-রায়দিঘি রেললাইন প্রকল্পে গতি সঞ্চার হল এবার। এরপরেই আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। মথুরাপুরের সাংসদ বাপি হালদার রেলমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়ার প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন। রায়দিঘির পরিবহণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অন্যতম প্রধান সমস্যা। অটো ও বেসরকারি বাসই যাতায়াতের মূল ভরসা।

    কলকাতা যেতে হলে অধিকাংশ মানুষকে প্রথমে মথুরাপুর স্টেশনে এসে সেখান থেকে ভিড় ট্রেনে উঠতে হয়। বহুদিন ধরে রায়দিঘি-জয়নগর রেলপথের দাবি থাকলেও প্রকল্পের কাজ শুরু না হওয়ায় অসুবিধা হত। রায়দিঘি বিধানসভা এলাকার ১৭টি পঞ্চায়েত মথুরাপুর ১ ও মথুরাপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত। এলাকার নিকটতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন মথুরাপুর। সেখান থেকেই যাত্রীদের লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী ট্রেনে গাদাগাদি করে নিত্যযাতায়াত করতে হয়। ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রায়দিঘি-জয়নগর রেলপথ প্রকল্পের শিলান্যাস করেছিলেন।

    পরবর্তীতে এই রেলপথ চালুর দাবিতে একাধিকবার সংসদে সরব হন মথুরাপুরের প্রাক্তন সাংসদ চৌধুরীমোহন জাতুয়া এবং বর্তমান সাংসদ বাপি হালদার। তবে রাজ্যে পরিবর্তনের পর সাংসদ বাপি হালদার রেলমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে প্রকল্পটি বাস্তবায়নের আবেদন জানান। এতেই প্রকল্পে গতি এসেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও নিশ্চিন্তপুর স্টেশন উঁচু করা ও লক্ষীকান্তপুর-নামখানা ডবল লাইন করার দাবি জানিয়েছেন তিনি। যত দ্রুত এই কাজ শুরু করা যায় সেই দিকটি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (News18 বাংলা)