আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নতুন ‘SIT’ গঠনের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই তদন্তের কতটা অগ্রগতি হলো, সেই ব্যাপারে এ দিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
এ দিন আদালতে সরকারি আইনজীবী জানান, আগের তদন্তকারী অফিসারের থেকে ইতিমধ্যেই সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে। মোট ২০ খণ্ড নথি খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার আইনজীবী এ দিন জানান, আগের তদন্তকারী দল কী দেখেছিল, তা নতুন সিট নতুন করে দেখবেন, সেটাই কাম্য। আরজি করের ঘটনার তদন্তে ফরেন্সিক টিম-এর তিন সদস্যের ভূমিকা নতুন SIT খতিয়ে দেখুক– এমনটাই আবেদন জানানো হয়েছে। নতুন তদন্তকারী দল পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা খতিয়ে দেখছে। কেন দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়নি সেই বিষয়টিও জানার চেষ্টা হচ্ছে।
সিবিআইয়ের তরফে এ দিন আদালতে জানানো হয়েছে, নতুন সিট-এর তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য আরও কিছুটা সময় দরকার। আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে।
এ দিনের স্ট্যাটাস রিপোর্ট নিয়ে নির্যাততার মা বলেন, ‘পুরোটাই তদন্তসাপেক্ষ ব্যাপার। কিছু বলব না। ৪ জন আইপিএসকে সাসপেন্ড করেছে সরকার। আমি দুই সরকারকে ভরসা করছি। তবে সিবিআই সময় চেয়েছে।’