দু’দিন ধরে বীরভূমের মহম্মদবাজারের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের তল্লাশি চলেছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ, ১৫ কেজি সোনা। আর মিনারের ডেরায় হানা দিতেই ফের চর্চায় টুলু মণ্ডলের নাম। মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে এক সময়ে যাঁর নাম উঠে আসে। বৃহস্পতিবার টুলুর একাধিক ডেরায় হানা দেয় পুলিশ। এর পরেই নতুন করে তথ্য সামনে আসছে। সূত্রের খবর, সুইৎজ়ারল্যান্ড ও দুবাই থেকে সোনা আনা হয়েছিল। তার মধ্যে কালো টেপ লাগানো ছিল। যাতে মেটাল ডিটেক্টরে না ধরা পড়ে। সেই সোনা উদ্ধার হয় মিনারের বাড়ি থেকে। সূত্রের খবর, মিনার দাবি করেন, এই বিপুল টাকা, সোনা সবই টুলুর। এ সবের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। টুলু মণ্ডল পালিয়ে যাবেন বলেই মিনারের দায়িত্বে রেখে গিয়েছিলেন। পুলিশের অনুমান, টুলু মণ্ডল ২৩ জুলাই গা ঢাকা দেন।
মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বোনের সঙ্গে মিনার মণ্ডলের বিয়ে হয়। মিনার আগে সরকারি বাস চালাতেন। পরে সে সব কাজ ছেড়ে পাথর ব্যবসায় ঢোকেন বলেই খবর। মিনারের স্ত্রীর দাবি, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল এই টাকা রাখতে আসেন তাঁদের বাড়িতে। কিন্তু এখানে যে টাকা ছিল তা তাঁরা জানতেন না। তাঁদের বলা হয়েছিল কাগজ রয়েছে। আলমারির চাবিও ছিল টুলুর কাছেই। তিনি আরও জানান, তাঁদের সংসার চলে স্বামীর পেনশনের টাকাতে। এ সব বিপুল সম্পত্তির কিছুই জানতেন না তাঁরা।