• নিট বিক্ষোভকারীর তালিকায় রাশিয়ায় থাকা যুবকের নাম, খারিজের আবেদন
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • পাটনা: নিট প্রশ্নফাঁস বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় পড়ুয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিহারের বিজেপি সরকার। এই অবস্থায় এক যুবক দাবি করলেন, চারমাস ধরে তিনি রাশিয়ায় ছিলেন। এরপরেও তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে। তাই নাম প্রত্যাহার চেয়ে প্রশাসনের কাছে আরজি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন কিষানগঞ্জের যুবক। এক্স হ্যান্ডলে মহম্মদ সাদাকত নামে ওই যুবক জানিয়েছেন, ‘আমি বাহাদুরগঞ্জের ১২ ওয়ার্ডের বাসিন্দা। ২৪ জুলাই এলআরপি চকে নিটের প্রশ্নফাঁস বিরোধী বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে যোগ দেওয়ার জন্য বাহাদুরগঞ্জ প্রশাসন আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত চারমাস ধরে আমি রাশিয়ায় ছিলাম। তাই আমার নাম অভিযুক্তের তালিকা থেকে সরানো হোক। আমি কৃতজ্ঞ থাকব।’ তাঁর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ধর্মীয় কারণেই কোনো যাচাই ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। 

    কিষানগঞ্জের পুলিশ সুপার হরিমোহন শুক্লা এই প্রসঙ্গে বলেন, ‘কারও কোনো অভিযোগ থাকলে সুরাহার জন্য থানায় যোগাযোগ করতেই পারেন।’ তবে নির্দিষ্টভাবে সাদাকতের বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চাননি। তবে রাজ্য পুলিশের পক্ষ থেকে সাদাকতের পোস্টের উত্তরে লেখা হয়, ‘বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’ কিছুক্ষণ পরে অবশ্য পুলিশের পোস্টটি আর দেখা যায়নি।
  • Link to this news (বর্তমান)