• পাথর ভরতি ট্রাক এনেছিল পুলিশ? ফাঁস নয়া রিপোর্টে
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: পেলেট গান, ইলেকট্রিক ব্যাটন থেকে লাঠিচার্জ— দিল্লিতে ছাত্র-যুব আন্দোলনে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পালটা বিক্ষোভকারীরা পাথর ছুড়েছে বলে দাবি প্রশাসনের। এরইমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি পাথর বোঝাই ট্রাক। গত ২০ জুলাই ককরোচদের সংসদ অভিযানের কয়েক ঘণ্টা আগে বিক্ষোভস্থলের কাছে সেটির দেখা মিলেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, গত ১৬ জুলাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছিল দিল্লি পুলিশ। ককরোচদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ট্রাকটি সেখানে রাখা হয়েছিল। তাহলে কি সত্যিই বিক্ষোভকারীদের ফাঁসানোর উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র? রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে। যাবতীয় অভিযোগ অবশ্য নাকচ করেছে দিল্লি পুলিশ। তাদের সাফাই, ১৬ জুলাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছিল ঠিকই। তবে ইচ্ছাকৃতভাবে যন্তরমন্তরে রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

    ২০ জুলাই সংসদ অভিযানের কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ককরোচ জনতা পার্টি। সেখানে দেখা যায়, যন্তরমন্তরে একটি পাথর বোঝাই ট্রাক দাঁড়িয়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ককরোচদের নেতা অভিজিৎ দিপকে। রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে ট্রাকটির গতিবিধি খুঁজে বের করে ওই সংবাদমাধ্যম। মঙ্গলবার এক অন্তর্তদন্ত রিপোর্টে তারা জানিয়েছে, ১৬ জুলাই মধ্য দিল্লিতে একটি গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি। সাতজন জখম হন। দায়ের করা হয় এফআইআর। বাজেয়াপ্ত হয় ট্রাক। তারপর থেকে সেটি পার্লামেন্ট স্ট্রিট থানার হেপাজতে ছিল। ট্রাকের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও নিয়ে আসা হয়। রিপোর্ট অনুযায়ী, যন্তরমন্তর সহ কমপক্ষে চারটি জায়গায় দেখা গিয়েছিল ট্রাকটিকে। ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক দাবি সাজায় পার্লামেন্ট স্ট্রিট থানা। নামপ্রকাশে অনিচ্ছুক এক অফিসার বলেন, ‘ট্রাকটি পার্লামেন্ট স্ট্রিটে রাখা ছিল। ঠিক যেখানে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রয়েছে। ২০ জুলাই সকালে ভিডিয়ো ভাইরাল হতেই ট্রাকটিকে ভালসোয়া এলাকায় নিয়ে গিয়ে খালি করা হয়। তারপর আবার সেটিকে এখানে ফিরিয়ে আনা হয়।’ তদন্তকারী অফিসার মোহিত ভাটির দাবি, বিক্ষোভের কারণে থানায় জায়গা কম ছিল। তাই ট্রাকটিকে রাস্তায় সরানো হয়। যদিও দুই অফিসারের দাবি খারিজ করেছেন সংসদ মার্গ থানার এসএইচও নীরজ কুমার। তিনি জানান, ১৯ জুলাই ট্রাকটি খালি করা হয়েছিল। তাহলে ২০ জুলাই বিক্ষোভস্থলে পাথর ভরতি ট্রাক এল কীভাবে? 

    ট্রাকের পাশাপাশি বিক্ষোভস্থলের কাছে একটি ভাঙা গাড়িও রাখা ছিল। সংবাদমাধ্যমকে পার্লামেন্ট স্ট্রিট থানা জানায়, বিক্ষোভকারীরা গাড়িটি ভাঙচুর করেছে। অথচ এফআইআর রিপোর্ট জানাচ্ছে, এই গাড়িটিকেই ১৬ জুলাই ধাক্কা মেরেছিল ট্রাকটি। গাড়ি মালিকের এক আত্মীয় বলেছেন, ‘সেদিন যেখানে গাড়ি রেখেছিলাম, এটা সে জায়গা নয়।’
  • Link to this news (বর্তমান)