ঝাড়খণ্ডে ধৃত শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা সহ তিন
বর্তমান | ৩০ জুলাই ২০২৬
রাঁচি: শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা গ্রেপ্তার। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ ও গিরিডির সীমান্তবর্তী মানিয়াডি থেকে বেসরা ও তাঁর দুই সঙ্গীকে পাকড়াও করে পুলিশ। ধৃত দুই সহযোগীর মধ্যে একজনের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। সূত্রের খবর, মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির শেষ সক্রিয় সদস্য মিসির বেসরা। ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী রাজ্যে মাওবাদী কার্যকলাপের দায়িত্বে ছিলেন তিনি। সাংগঠনিক শক্তিবৃদ্ধির পাশাপাশি রাজ্যে রাজ্যে মাওবাদী নেটওয়ার্ক সক্রিয় রাখাই ছিল বেসরার প্রধান কাজ। ঝাড়খণ্ডে বেশ কিছু সশস্ত্র বাহিনীও গঠন করেছিলেন মিহির ওরফে ভাস্করদা ওরফে সাগরদা।। ধৃত এই মাওবাদী নেতার বিরুদ্ধে কমপক্ষে ১৪১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। অবশেষে তাঁকে হেপাজতে নিল পুলিশ। এবিষয়ে মিসিরের ভাই দেবলাল বলেন, ‘১৯৮৬-৮৭ সালের পর থেকে আর বাড়ি আসেনি মিসির। আমরা তাঁকে অনেকবার মূল স্রোতে ফিরে আসার আরজি জানিয়েছিলাম।’
এদিকে, বুধবার ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করলেন আটজন মাওবাদী। মিলিতভাবে তাঁদের মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা। আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে রয়েছেন অশ্বীন ওরফে লাচ্ছু, সালমি চাম্পিয়া ওরফে জিলানি প্রমুখ। আটজন বিজাপুর, নারায়ণপুর ও সুকমা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বিজাপুরের এসপি উমেশ প্রসাদ গুপ্ত বলেন, যৌথ বাহিনীর সহযোগিতা ও সরকারের পুনর্বাসন প্রকল্পের কারণেই এটা সম্ভব হয়েছে। ধৃত মাওবাদী নেতা।-পিটিআই