জ্যান্ত কবরের স্টান্ট, মাটির নীচে চাপা পড়ে মৃত্যু যুবকের
বর্তমান | ৩০ জুলাই ২০২৬
নুহ: হরিয়ানার নুহতে সাইকেল সার্কাসের (মাদারি খেলা) শেষ দিনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ‘জ্যান্ত কবর’ দেওয়ার স্টান্ট দেখাতে গিয়ে প্রাণ গেল ২৭ বছর বয়সি শিল্পী দীপকের। সার্কাসের অন্যতম আয়োজক হওয়ার পাশাপাশি বিপজ্জনক সাইকেল কসরতের জন্য পরিচিত ছিলেন দীপক। গত এক সপ্তাহ ধরে হরিয়ানার নুহ জেলার তাওড়ু মহকুমার খোরি কালান গ্রামে চলছিল তাঁর সাইকেল সার্কাস। শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসাবে ‘জ্যান্ত কবর’ স্টান্টে অংশ নেন দীপক। স্টান্ট অনুযায়ী, তাঁকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে গর্তে নামিয়ে মাটি চাপা দেওয়া হয়। আয়োজকদের দাবি ছিল, ২৪ ঘণ্টা পর তাঁকে জীবিত অবস্থায় গর্ত থেকে বের করে আনা হবে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্ধারিত সময়ে তাঁকে তোলা হয়নি। বরং প্রায় ৩৬ ঘণ্টা ধরে তিনি মাটির নীচেই চাপা ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দর্শকদের জানানো হয়েছিল ৭,১০০ টাকা সংগ্রহ না হওয়া পর্যন্ত দীপককে গর্ত থেকে তোলা হবে না। অভিযোগ, এই শর্তের কারণেই তাঁকে নির্ধারিত সময়ের অনেক পরে উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত গর্ত খুঁড়ে দীপককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক অনুমান, দীর্ঘ সময় মাটির নীচে চাপা থাকার ফলে শ্বাসরোধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র কৃষ্ণ কুমার জানিয়েছেন, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।