• মিড ডে মিলে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি, বড় পরিবর্তনের ভাবনা মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • চেন্নাই, ৩০ জুলাই: স্কুলের মিড ডে মিলের মেনুতে যুক্ত হোক চিকেন বিরিয়ানি। এমনই ইচ্ছার কথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যোশেফ বিজয়। আর তা কার্যকর করতে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে সে রাজ্যের শিক্ষা দপ্তর। স্বয়ং স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, সপ্তাহে একদিন পড়ুয়াদের বিরিয়ানি দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে।

    গত পাঁচের দশকে দেশের মধ্যে প্রথম স্কুলে মিড ডে মিল প্রকল্প চালু হয় তামিলনাড়ুতে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ। লক্ষ্য ছিল শিশুদের পুষ্টির ঘাটতি মেটানো। পরবর্তী সময়ে বিভিন্ন মুখ্যমন্ত্রী এই প্রকল্পটিকে আরো শক্তিশালী করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে অনেক পরে দেশজুড়ে মিড ডে মিল ‘মডেল’ চালু হয়।

    মিড ডে মিলের সাফল্যের এই ইতিহাস তুলে ধরেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কামারাজ মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন, করুণানিধি এতে ডিম যোগ করেন এবং এমজিআর এটিকে পুষ্টিকর আহার কর্মসূচির রূপ দেন। সারা সপ্তাহ ছাত্রছাত্রীদের পাতে ডিম দেওয়ার ব্যবস্থা করেছিলেন জয়ললিতা। একইভাবে, আমার ইচ্ছা সরকারি স্কুলগুলিতে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি চালু করার।’ সূত্রের খবর, মিড ডে মিলে চিকেন বিরিয়ানির প্রস্তাবটি বর্তমানে মুখ্যমন্ত্রী বিজয়ের বিবেচনাধীন। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
  • Link to this news (বর্তমান)