• কোচবিহারজুড়ে বাম দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, প্রতিবাদ মিছিল শহরে, ভাঙা হল নেতাজি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের ছবিও
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাতের অন্ধকারে কোচবিহার জেলাজুড়ে বামপন্থী দলগুলির কার্যালয়ে হামলা চালালো দুষ্কৃতীরা। কোচবিহার শহরে সিপিএমের জেলা কার্যালয় ও গোসানিমারি পার্টি অফিসে ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এসউসিসির জেলা অফিসেও। শুধু তাই নয়, খাগড়াবাড়িতে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিসেও চলে হামলা। প্রতিবাদে বুধবার ধিক্কার মিছিল করে সিপিএম ও এসইউসি। আজ, বৃহস্পতিবার এনিয়ে বাম দলগুলির জেলা নেতৃত্ব কোচবিহারের জেলাশাসকে সঙ্গে দেখা করবে। 

    কোচবিহার জেলা সিপিএমের তরফে ওই হামলার সিসি ক্যামেরার ফুটেজ এদিন প্রকাশ্যে আনা হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তবে ওই ফুটেজে দেখা যায়, রাত ৩টে থেকে সওয়া ৩টে নাগাদ তিন-চারটি বাইকে চেপে একদল দুষ্কৃতী আসে। প্রত্যেকের মুখ ছিল ঢাকা। প্রথমে সিপিএমের জেলা অফিস লক্ষ্য করে তারা ঢিল ছোঁড়ে। পরে শাবল দিয়ে পার্টি অফিসের গেট ভাঙার চেষ্টা করে। 

    কিন্তু কেন এই হামলা? কাদের মদতে এই হামলা? সিপিএমের কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায় বলেন, রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এই হামলার পিছনে বিজেপির একটা অভিসন্ধি তো রয়েছেই। 

    এদিন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি পুলিশ সুপার ও জেলাশাসককেও জানানো হয়েছে বলে অনন্ত রায় জানান। পার্টি অফিসে হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে তারা ধিক্কার মিছিল করে। জেলা কার্যালয় থেকে শুরু করে সাগরদিঘি হয়ে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তায় যায়। অনন্ত রায় আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এসপি’র। তাই এই হামলার প্রতিবাদে আমরা পুলিস সুপারকে ডেপুটেশন দেব। 

    জেলা কার্যালয়ের পাশাপাশি সিপিএমের গোসানিমারির পার্টি অফিসেও হামলা চলে। পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অফিসে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি সহ বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলা হয়। দলীয় পতাকা ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। 

    মঙ্গলবার রাতে প্রায় একই সময়ে এসইউসির জেলা অফিসেও দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দলের কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। বুধবার দুষ্কৃতীরা বিদ্যাসাগরের ছবি সহ নেতাজি, শরৎচন্দ্রর বাঁধানো ফটো ভেঙে ফেলেছে। 

    এসইউসির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নেপাল মিত্র বলেন, দুষ্কৃতীরা রাত ৩টে নাগাদ এই হামলা চালায়। পার্টি অফিসে হামলার সময় তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে। এর থেকেই তো পরিষ্কার যে এই হামলা বিজেপি করিয়েছে। একই রাতে হামলা চালানো হয় খাগড়াবাড়িতে ফরওয়ার্ড ব্লকের একটি পার্টি অফিসও। 

    যদিও তাদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, এটা আমাদের দলের সংস্কৃতির মধ্যে পড়ে না। এমনটাও তো হতে পারে বিজেপিকে বদনাম করতে মুখে কাপড় বেঁধে বামেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে। 
  • Link to this news (বর্তমান)