• উত্তরবঙ্গের ৭৩ কলেজের দায়িত্ব এসডিওদের কাঁধে, মিশ্র প্রতিক্রিয়া
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যে পালাবদলের পর ভেঙে দেওয়া হয় কলেজ পরিচালন সমিতি। এবার সরকার পোষিত কলেজের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হল এসডিওদের। প্রশাসন সূত্রের খবর, উত্তরবঙ্গে ৭৩ কলেজের প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাবেন ১৭ জন মহকুমা শাসক (এসডিও)। বুধবার এই নির্দেশ জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। এখন এসডিওদের অনুমতি ছাড়া প্রিন্সিপালরা কোনো কাজ অনুমোদন করতে পারবে না। যতদিন পর্যন্ত পরিচালন সমিতি গঠন না হবে, ততদিন এসডিও’রা সেই দায়িত্বে থাকবেন। 

    এবার বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল  হয়। গত মে মাসে রাজ্যে গঠিত হয় বিজেপি সরকার। সেই সময় কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়া  হয়। পরিবর্তে নিয়োগ করা হয় ডাইরেক্টর অব পাবলিক ইন্সট্রাকশন (ডিপিআই)। এঁদের দিয়ে কলেজের প্রশাসনিক পরিচালনার কাজকর্ম সুষ্ঠুমতো  হচ্ছিল না বলে অভিযোগ। বিষয়টি রাজ্য সরকারের নজরে আনে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। এই অবস্থায় কলেজগুলিতে প্রশাসক হিসাবে এসডিওদের নিয়োগ করল রাজ্য। এদিন উচ্চশিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারির স্বাক্ষর করা নির্দেশিকার কপি কলেজে কলেজে পাঠানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিচালন আইন ২০১৭ অনুসারে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে কোনো এসডিওকে একটি, আবার কোনো এসডিওকে একাধিক কলেজের দায়িত্ব সামলাতে হবে। এমনকি একজন এসডিও’র অধীনেই রয়েছে ১০টি কলেজ। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলায় সরকার পোষিত কলেজের সংখ্যা সর্বাধিক ১৬টি। এরমধ্যে জেলার সমতলভাগ শিলিগুড়ির এসডিও’র অধীনেই রয়েছে ১০টি কলেজ। দার্জিলিং ও কার্শিয়াংয়ের এসডিও তিনটি করে কলেজ দেখবেন। আলিপুরদুয়ারের এসডিও ন’টি, কোচবিহার সদরের এসডিও চারটি, মাথাভাঙার এসডিও তিনটি, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জের এসডিও দু’টি করে এবং দিনহাটার এসডিও একটি কলেজের দায়িত্বে। একইভাবে জলপাইগুড়ি জেলার ১০টি,  কালিম্পংয়ের একটি, মালদহের  ১১টি, দক্ষিণ দিনাজপুরের আটটি এবং উত্তর দিনাজপুরের ছ’টি কলেজে নিয়োগ করা হয়েছে প্রশাসক। শিলিগুড়ি শহরে মুন্সি প্রেমচাঁদ কলেজের প্রিন্সিপাল বিপুল মণ্ডল বলেন, বিকাশ ভবন থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলার কলেজগুলির জন্য নিয়োগ করা হয়েছিল একজন ডিপিআই। তিনি মাসে একবার আসতেন। তাতে দৈনন্দিন কাজ সামাল দিতে  সমস্যা হত। এবার এসডিও প্রশাসক হিসাবে নিয়োগ হওয়ায় ভালো হল।এদিকে, অনেকে প্রশাসক নিয়োগের আগে পরিচালন সমিতি গঠন হলে ভালো হত বলে জানিয়েছেন। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমান চক্রবর্তী বলেন, প্রশাসক বসায় কোনো সমস্যা হবে না বলেই আশা করছি। তবে, পরিচালন সমিতি গঠন হলে বেশি ভালো হতো।   
  • Link to this news (বর্তমান)