• শিলিগুড়ি: বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বিজেপি নেতার বিরুদ্ধে নদীর বাঁধ কেটে বসতি গড়ার প্রতিবাদ জানিয়ে নিগৃহীত হওয়ার পর এখন প্রাণনাশের হুমকির মুখে শিলিগুড়ির এক আইনজীবী। মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের কাওয়াখালিতে অনেকদিন ধরেই সরকারি জমি দখল চলছে। তৃণমূলের আমলে ভয়ে কোনো প্রতিবাদ করেননি আইনজীবী অঞ্জন বর্মন। 

    বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাজ্যে পালাবদল ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্সের কথা শুনে সাহস পেয়ে ওই জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাতে বিএলআরও অফিস থেকে প্রতিনিধিরা সরকারি জমি জরিপ করে যাওয়ার পর বিজেপির স্থানীয় কিছু নেতা-কর্মী আমার চেম্বারে ঢুকে আমাকে মারধর করেন। মায়ের গলার সোনার চেন ছিঁড়ে নিয়ে যায়। হাসপাতাল থেকে আমি ছাড়া পাওয়ার পর বাড়িতে ফিরি। এখন আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। 

    শিলিগুড়ি আদালতের আইনজীবী অঞ্জনবাবু বলেন, মোডিকেল ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি। কিন্তু অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তাই নিরাপত্তা ও সুবিচারের আশায় পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় মুখ্যমন্ত্রীকে ই-মেল করে গোটা ঘটনা জানিয়েছি। যদিও মেডিকেল ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এদিকে, অভিযুক্তদের একজনকে এদিন ফোন করা হলে রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও উত্তর আসেনি। তবে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল বলেন, আইন আইনের পথে চলবে। অন্যায় প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।
  • Link to this news (বর্তমান)