অন্নপূর্ণার টাকা না পেয়ে কালনার বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের
বর্তমান | ৩০ জুলাই ২০২৬
সংবাদদাতা, কালনা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বুধবার কালনা-১ বিডিও অফিসে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের দাবি, অনলাইন ও অফলাইনে আবেদন করেও টাকা পাচ্ছেন না। পঞ্চায়েতে গেলে বলা হচ্ছে, বিডিও অফিসে খোঁজ নিন। বিডিও অফিসে এলে বলা হচ্ছে প্রসেসিং চলছে। পঞ্চায়েত থেকে বিডিও অফিস ও সাইবার ক্যাফেতে গিয়েও সুরাহা মিলছে না। আমরা কোথায় যাব? কোথায় গেলে সঠিক উত্তর পাব। এরপরই বিডিও অফিসে টেবিল পেতে বিক্ষোভকারীদের থেকে তথ্য নিয়ে আবেদন কী পর্যায়ে আছে তা জানিয়ে দেওয়া হয়। কারও সাবমিট, কারও প্রসেসিং বলে জানানো হয়। অগত্যা বাড়ি ফিরে যান মহিলারা। বিক্ষোভের সময় বিডিও অফিসে হাজির হন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার সহ বিজেপির কার্যকর্তারা। বিধায়ক দীর্ঘক্ষণ বিডিও ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
বিধায়ক বলেন, পূর্বতন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার দিতে আট মাস সময় লেগেছে। আমরা সবে মাস দুয়েকের বেশি ক্ষমতায় এসেছি। অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সরকার যখন বলেছে প্রকৃত প্রাপকরা সকলেই টাকা পাবেন। স্টাফ কম থাকার কারণে একটু সময় লাগছে।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত ধাত্রীগ্রাম, সুলতানপুর, নান্দাই সহ অন্যান্য পঞ্চায়েতের শতাধিক মহিলারা বুধবার কালনা-১ বিডিও অফিসে এসে হাজির হন। বৃষ্টি রোদ মাথায় নিয়ে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখান। আধিকারিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক বিজেপি কার্যকর্তা মাইকে সকলের উদ্দেশ্যে জানান, আগস্টে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাঁরা পাবেন না, তাদের পরবর্তীতে দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিক্ষোভকারীরা আগস্ট মাসের দিকে তাকিয়ে রয়েছেন।
কালনা ধাত্রীগ্রামের বাসিন্দা কামনা রানি বসাক, রুম্পা বসাক বলেন, প্রথমে বলা হল অফলাইনে জমা দিতে হবে। তারপর বলা হল অনলাইনে জমা করতে হবে। দু’ মাস হয়ে গেল অনলাইন, অফলাইন দুটিতেই আবেদন করেছি। তারপরও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না। সরকার যদি দেবে মনে করে তবে দিক, না দিলে জানিয়ে দিক। সংসারের কাজ ফেলে, টোটো ভাড়া করে এদিক ওদিক ছোটাছুটি। আমাদের পরিশ্রমের কোনো দাম নেই? এই ভাবে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে কেন বুঝতে পারছি না।