কাজ শুরুর আগেই আচমকা বদল সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞপ্তির জারির পর বেনজির কাণ্ড
বর্তমান | ৩০ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ শুরু করার আগেই সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পরিবর্তন করা হল। রাজ্য অর্থদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে, কমিশনের চেয়ারম্যান হবেন পশ্চিমবঙ্গ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশ। কয়েকবছর আগে সেচদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে তিনি অবসর নেন। তার আগে রাজ্য প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন।
গত ২২ জুলাই সপ্তম বেতন কমিশন গঠনের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে চেয়ারম্যান হিসাবে গুজরাত ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীর নাম ছিল। অতনুবাবু কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক সচিব হিসাবে কয়েকবছর আগে অবসর নেন। কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারির পর এভাবে চেয়ারম্যান পরিবর্তন অস্বাভাবিক ব্যাপার বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারণ ঘটনাটি বেনজির!
কী কারণে এটা করতে হল, সেই প্রশ্ন উঠছে। সপ্তম বেতন কমিশনে সদস্য আছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দুজন অর্থনীতিবিদ—আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো পার্থ মুখোপাধ্যায়। সদস্য-সচিব হিসেবে আছেন অর্থদপ্তরের সচিব আইএএস আধিকারিক দেবীপ্রসাদ কারানাম।
রাজ্য সরকরি কর্মী ও আধিকারিকদের নতুন বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, ডিএ প্রভৃতি বিষয়ে সরকারের কাছে ছয়মাসের মধ্যে সুপারিশ করার কথা কমিশনের। অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক, সরকারি সংস্থা, সরকারি আর্থিক অনুদানে চলা প্রতিষ্ঠানগুলির কর্মী ও আধিকারিকরাও কমিশনের আওতায় পড়বেন।