নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘গভর্নমেন্ট অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কিমস এক্সপো ২০২৬’-এ প্রথম স্থান অধিকার করল হাওড়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ২৫ জুলাই থেকে ২৭ জুলাই নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত তিনদিনের এই জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে ‘এক্সেলেন্স ইন ব্রিজিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগে প্রথম পুরস্কার জিতে নেয় আইআইইএসটি শিবপুর।
এই প্রদর্শনীতে দেশের উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্প, নীতিগত অগ্রগতি এবং প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হয়। অংশগ্রহণকারী একশোরও বেশি প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, রাষ্ট্রায়ত্ত সংস্থা, এমএসএমই এবং দেশের শীর্ষ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। অংশ নেয় ইসরো, আইআইটি খড়্গপুর, পরমাণু শক্তি দপ্তর, আইআইএসইআর পুনে, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সহ একাধিক প্রতিষ্ঠান। প্রদর্শনীতে আইআইইএসটি শিবপুরের টেকসই ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল উদ্ভাবন এবং পরিকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়, যা অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়।
ইনস্টিটিউটের সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক ভি এম এস আর মূর্তি। তিনি বলেন, ‘জাতীয় স্তরের মঞ্চে প্রথম স্থান অর্জন গোটা আইআইইএসটি পরিবারের কাছে গর্বের মুহূর্ত। এই সম্মান আসলে প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি।’ জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে টেকসই উদ্ভাবন, ইঞ্জিনিয়ারিং গবেষণা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে সক্রিয় অবদান রাখাই তাদের অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।