• আগস্ট মাস থেকে ‘স্মার্ট’ রেশন রাজ্যে
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাস থেকে রাজ্যে ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা চালু হচ্ছে। এর বিশেষত্ব হল পুরো রেশন পরিচালন ব্যবস্থা ‘পেপারলেস’ পদ্ধতিতে চলবে। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্যসামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সবকিছু‌‌ই অনলাইনে হবে। গ্রাহকদের রেশন দেওয়া, রেশন কার্ড সংক্রান্ত বিষয়গুলি অনেকদিন থেকে অনলাইনে হয়। এবার বাকি সব ব্যবস্থাও অনলাইনে চলে এল। গোটা দেশে এই স্মার্ট রেশন ব্যবস্থা চালু করার উদ্যোগ কয়েকবছর ধরে কেন্দ্রীয় সরকার নিয়েছে। রেশন সংক্রান্ত যাবতীয় তথ্ ভাণ্ডার কেন্দ্রীয় সংস্থার কাছে থাকবে। গ্রাহকদের এখন থেকে প্রথমে রেশন দোকানে চোখের মণির স্ক্যান করে আধার যাচাই করা হবে। সেই ব্যবস্থা যাদের ক্ষেত্রে কাজ করবে না তখন আঙুলের ছাপ নিয়ে আধার যাচাই হবে। নতুন ব্যবস্থায় রেশনে স্বচ্ছতা আরও বাড়বে বলে খাদ্যদপ্তর আশা করছে।

    এদিকে ব্লক করে দেওয়া অনেক রেশন কার্ড খাদ্যদপ্তর ফের চালু করেছে। হঠাৎ কার্ড ব্লক হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়ায় এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর্থিক সংগতি বেশি হওয়ার জন্যও অনেক কার্ড ব্লক হয়েছিল বলে জানা গিয়েছিল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন কারণে বহু কার্ড চিহ্নিত করে সেগুলি সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা নিতে বলে রাজ্য সরকারগুলিকে। সেই প্রক্রিয়াও চলছিল। এনিয়ে আপাতত রাজ্য সরকার কিছুটা ধীরগতিতে চলবে বলে জানা গিয়েছে। তবে এসআইআরে বাদ পড়া ভোটারদের রেশন কার্ড বাতিলের কাজ জুলাই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)