• ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হুগলিতে, অর্ধসমাপ্ত কাজের জেরে জেরবার নাগরিকরা
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভবিষ্যৎ কি? এ নিয়ে কোনো উত্তর নেই হুগলির পঞ্চায়েতগুলির কাছে। ফলে গ্রামীণ এলাকায় সংকট তৈরি হয়েছে। তৃণমূল আমলের ওই প্রকল্পে রাস্তা, নিকাশিনালা, আলো, জলের সংযোগ থেকে মন্দির সংস্কারের মতো কাজ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু সবই অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। তার জেরে গ্রামীণ নাগরিকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কোথাও অসমাপ্ত রাস্তা নিয়ে সমস্যা, কোথাও নিকাশিনালা বেহাল হয়ে পড়ে রয়েছে। কোথাও আবার আলোর অভাব কিংবা জলের সংযোগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

    পঞ্চায়েতগুলির দাবি, ওই প্রকল্পে নতুন সরকার টাকা দেবে কি না, তা নিয়ে এখনও উচ্চবাচ্য করেনি। আবার, রাজ্য ও কেন্দ্রের অর্থ কমিশনের টাকায় এই প্রকল্পের কাজ শেষ করা হবে, এমনটাও বলা হচ্ছে না। ফলে অসমাপ্ত কাজগুলি নিয়ে গ্রামীণ মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। এদিকে, সোমবার হুগলিতে পঞ্চায়েত স্তরের রিভিউ বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে কোনো কথা বলেননি। তবে জানিয়েছেন, পূর্বতন সরকারের সমস্ত কাজ তদন্ত করে দেখা হচ্ছে। দিলীপবাবু বলেন, অনেক প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে। কোথাও কাগজে-কলমে অনেক বেশি কাজ দেখানো হলেও আদৌ সেখানে কাজ হয়নি। কোথাও কাজ কম হয়েছে, অথচ টাকা বরাদ্দ হয়েছে বেশি। সবই খতিয়ে দেখা হচ্ছে।

    রাস্তা প্রসঙ্গে তাঁর দাবি, বর্তমানে বর্ষার কারণে রাস্তা সংস্কার করা মুশকিল। তবে পরিস্থিতি বুঝে কাজ করা হবে। হুগলির মগরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে অধিকাংশ ক্ষেত্রেই অর্ধেক কাজ হয়ে পড়ে রয়েছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী, আমরা তা জানি না। নাগরিকদের সমস্যা হচ্ছে। তাঁরা অভিযোগ করছেন, কিন্তু আমাদের কিছুই করার নেই। 

    গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গ্রামীণ মানুষের পছন্দের কাজ করতে তৃণমূল সরকার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প চালু করেছিল। নাগরিকদের চাহিদা মতো বুথভিত্তিক বিভিন্ন কাজ শুরু করা হয়েছিল। কিন্তু সেইসব কাজ শেষ হওয়ার আগেই রাজ্যে বদল ঘটে সরকারের। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুরানো প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের সমাধান সমস্ত ক্ষেত্রে আজও হয়নি। তার জেরে গ্রামীণ এলাকায় অর্ধসমাপ্ত রাস্তা থেকে নিকাশিনালা, মন্দির সংস্কার থেকে আলোর অব্যবস্থায় বিপাকে পড়েছেন গ্রামীণ মানুষ। সেই সমস্যার সমাধান কবে হবে? সেই উত্তর 

    এখনও অধরা।
  • Link to this news (বর্তমান)