টোল ফ্রি নম্বরে প্রথম বেআইনি মদের অভিযোগ বজবজে, উদ্ধার বিপুল চোলাই, ধৃত এক
বর্তমান | ৩০ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতি রোধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার টোল ফ্রি নম্বর চালু করেছিলেন। প্রথম দিনই সে নম্বরের বউনি হয়ে গেল। চোলাই বিক্রি ও মদের অবৈধ কারবারের অভিযোগ এল বজবজ থানায়। স্থানীয়দের বক্তব্য, এই অভিযোগ আগেও করা হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। এবার এক ফোনেই পাল্টে গিয়েছে বজবজ থানার ভূমিকা। অবৈধ ঠেকে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণ মদের বোতল ও প্যাকেটে ভরা চোলাই। গ্রেপ্তার করেছে সুমন্ত মণ্ডল ওরফে বুবাই নামে এক ব্যক্তিকে।
মানুষের অভিযোগ, তৃণমূল জমানায় অবৈধ মদের কারবার নিয়ে অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিত না। থানার ডাকবাবুরা অবৈধ মদ কারবারিদের থেকে মাসোহারা তুলতেন। বজবজেও একই অবস্থা দেখা যেত। বুবাইয়ের বিরুদ্ধে তৃণমূল জমানায় অভিযোগ জমা পড়েছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর উলটে বুবাইয়ের কাছে অভিযোগ দায়েরের খবর পৌঁছে দিতেন পুলিশের একাংশ। এর পাশাপাশি তৃণমূলের নেতাদের অনেকের সঙ্গেও ছিল বুবাইয়ের ঘনিষ্ঠতা। ফলে কেউ তাঁকে ঘাটানোর সাহস দেখাননি। থানার ডাকবাবু হিসাবে কাজ করা স্থানীয় এক ব্যক্তি মাসোহারা তুলে পৌঁছে দিতেন থানায়। রাজ্যে পালাবদলের পরও কারবার চালাচ্ছিলেন বুবাই। তবে ছবিটা পাল্টাল টোল ফ্রি নম্বর চালু হতে না হতেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি টোল ফ্রিতে ফোন করে বজবজ থানায় জানান, থানার কাছেই অবৈধ মদের কারবার চলছে। এরপর সঙ্গে সঙ্গে বজবজ থানায় পুলিশ ডিরেক্টরেট থেকে ফোন যায়। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বজবজ থানা তড়িঘড়ি তল্লাশিতে বেরয়। ঘটনাস্থলে গিয়ে ১১৮ বোতল মদ ও প্যাকেটে ভরা চোলাই উদ্ধার করে ও বুবাইকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে জানা গিয়েছে, মদ আসত বিভিন্ন জায়গা থেকে। দশটা থেকে রাস্তায় লোক কমলে ব্যবসা শুরু হত। বৈধ মদের দোকান বন্ধ হওয়ার পর চড়া দামে বিক্রি করা হত।