• অন্নপূর্ণার টাকা কবে পাব? কাটমানির টোল ফ্রি নম্বরেও উপচে পড়ছে ফোন
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বিজেপি সরকার। সেই লক্ষ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন। সিন্ডিকেটরাজ, কাটমানি কালচার, অবৈধভাবে রোড ট্যাক্স আদায় এবং চোলাইয়ের ঠেক নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা ওই চারটি নম্বরে ফোন করে তা জানাতে পারবেন। নিষ্পত্তি হবে দ্রুত। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর থেকে নবান্নের একতলার কন্ট্রোল রুমে অবিরাম বেজে চলেছে ফোন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০০০-এর বেশি ফোন এসেছে। তবে সেই ফোনের বেশিরভাগই কোনো নির্দিষ্ট অভিযোগ নয়। যে ফোনে কাটমানি বা চোলাইয়ের ঠেক নিয়ে অভিযোগ আসার কথা, সেখানে কল করে লোকে জানতে চাইছে, ‘অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে?’ কেউ আবার রীতিমতো ঝাঁঝালো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ‘আমার স্ত্রীর অন্নপূর্ণা ঢুকল না কেন? আর কী করতে হবে?’ শুধু অন্নপূর্ণা যোজনা নয়, ফোন আসছে আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা নিয়েও। এমনকি, বাড়ির ইলেকট্রিক বিল কেন বেশি এল, সেই প্রশ্নও পেয়েছেন কন্ট্রোল রুমের কর্মীরা। পাশের বাড়ির সঙ্গে জমি নিয়ে বিবাদের সমাধান চেয়েও ফোন এসেছে! দিনভর এসব ফোন সামলাতে জেরবার অবস্থা কর্মীদের। এই পরিস্থিতিতে টোল ফ্রি নম্বরগুলি কী কারণে চালু করা হয়েছে, তা নিয়ে সচেতনতা বৃদ্ধিই একমাত্র উপায় বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। সেই মতো প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রে। 

    মঙ্গলবারই রাজ্যের তরফে জানানো হয়েছিল, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য টোল ফ্রি নম্বর ১৫৫৩৩৫। অবৈধ রোড ট্যাক্স বা টোল নিয়ে অভিযোগের হেল্পলাইন নম্বর ১৫৫৩৩৭। এছাড়া, কাটমানি এবং চোলাই মদের ঠেক নিয়ে অভিযোগ জানাতে গেলে ফোন করতে হবে যথাক্রমে ১৫৫৩৩৪ এবং ১৫৫৩৩৯ নম্বরে। এক-একটি নম্বরের জন্য পাঁচটি করে রিসিভার রয়েছে। অর্থাৎ ফোন আসছে ২০টি রিসিভারে। ফোন ধরছেন ২০জন অপারেটর। টোল ফ্রি নম্বরগুলি চালু হওয়ার পর থেকেই নানা বিষয়ে ফোন আসতে শুরু করে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে ফোন করা যাবে। সেই মতো বুধবার সকাল থেকে কল আসা শুরু হয়ে যায়। কাটমানি বা সিন্ডিকেট নিয়ে অভিযোগ জানানোর ফোন নম্বরে অন্নপূর্ণা বা আয়ুষ্মান নিয়ে ফোন এলে অপারেটররা সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য জন্য প্রযোজ্য ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করতে বলছেন। 

    তবে এর মধ্যে বেশ কিছু ‘সিরিয়াস অভিযোগ’ এসেছে বলে সূত্রের খবর। সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসক এবং পুলিশকে বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ করে নবান্নে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিজ্ঞ আমলাদের মতে, বছরভর নবান্নের তিনতলায় চালু থাকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম। সেখানেও এমন ফোন আসতে থাকে সারাক্ষণ। তবে রাজ্যে এই প্রথম দুর্নীতি রুখতে চালু হওয়া টোল ফ্রি নম্বরে ‘অপ্রাসঙ্গিক’ এত ফোন আসা অপ্রত্যাশিত। 
  • Link to this news (বর্তমান)