শিয়ালদহ শাখার দুই স্টেশনে আর দাঁড়াবে না এসি লোকাল!
আজকাল | ৩১ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: চালুর কয়েক দিনের মধ্যে এসি লোকালের দু’টি স্টপেজ প্রত্যাহার করে নিল পূর্ব রেল। ২৯ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল ট্রেন (৩১৬৩৭/৩১৬৩৮)-এর জন্য কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা অস্থায়ী স্টপেজ ১ আগস্ট, ২০২৬ থেকে প্রত্যাহার করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে যে, যাত্রীদের সুবিধা ও চাহিদা মূল্যায়নের উদ্দেশ্যে প্রথমে সিমুরালি, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং কাঁকিনাড়া এই পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ চালু করা হয়েছিল। কিন্তু কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে এসি ইএমইউ ট্রেনের যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ নিশ্চিত করার স্বার্থে এই দুই স্টেশনে স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই দু’টি স্টেশন বাদে অন্য তিনটি স্টেশনে পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টপেজ চালু থাকবে। রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে সংশোধিত সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার। এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য শিয়ালদহ বিভাগের তরফে দুঃখ প্রকাশও করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্ট মাসে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল প্রথম চালু হয়। এসি লোকাল চালু হওয়ার পরে যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। ৩১৬৩৭ শিয়ালদহ–রানাঘাট এসি গ্যালোপিং লোকাল প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে এবং রাত ৮টা ৩২ মিনিটে রানাঘাট পৌঁছয়। যাত্রাপথে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে জগদ্দল এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নৈহাটি স্টেশনে স্টপেজ দিত। সেই স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ থেকে দমদম, ব্যারাকপুর, নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত একপিঠের ভাড়া যথাক্রমে ৩৫, ৬০, ৯০ এবং ১২০ টাকা।